RG KAR case; নির্যাতি*তার মা বিজেপির প্রার্থী হতেই বি*স্ফোরক জুনিয়র ডাক্তারদের আক্রমণ “ন্যায়বিচার নাকি রাজনৈতিক ব্যবহার?” নতুন করে উত্তাল আরজি কর আন্দোলন!

একটা সময় যে ঘটনা গোটা রাজ্যকে রাস্তায় নামিয়েছিল, সেই আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতন ও খুনের মামলা আবারও শিরোনামে। দীর্ঘ আন্দোলন, প্রতিবাদ, বিচার চাওয়ার সেই আবেগ যেন নতুন করে আলোচনার কেন্দ্রে। তবে এবার প্রশ্ন অন্য জায়গায়, আন্দোলনের মুখ হয়ে ওঠা এক মায়ের রাজনৈতিক ময়দানে নামা কি সেই লড়াইয়ের দিশা বদলে দিচ্ছে? নাকি এও বিচার পাওয়ার আরেকটি পথ?

আসন্ন বিধানসভা নির্বাচনে নির্যাতিতার মা পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন, এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে সহানুভূতি, অন্যদিকে রাজনৈতিক অবস্থান, এই দুইয়ের সংঘাতে প্রশ্ন উঠছে, ব্যক্তিগত লড়াই কি রাজনৈতিক রূপ নিচ্ছে? ঠিক এই পরিস্থিতিতেই নিজেদের অবস্থান স্পষ্ট করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে সংগঠন জানিয়েছে, কে কোন দলের হয়ে ভোটে দাঁড়াবেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে একইসঙ্গে তারা কড়া ভাষায় সমালোচনা করে বলেছে, এমন একটি দলের হয়ে প্রার্থী হওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ বহুবার উঠেছে। সংগঠনের মতে, সেই দল শর্তসাপেক্ষে ন্যায়বিচার দেবে এই ধারণা বাস্তবসম্মত নয়, বরং ‘সোনার পাথরবাটি’-র মতোই অবাস্তব।

বিবৃতিতে আরও উঠে এসেছে, ২০২৪ সালের ৬ অগস্টের সেই ঘটনার পর প্রায় ১৯ মাস কেটে গিয়েছে। এই সময়ে আন্দোলন ছিল সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, যেখানে হাজারো মানুষ শুধুমাত্র বিচার নয়, নিজেদের নিরাপত্তার দাবিতেও পথে নেমেছিলেন। সংগঠনের দাবি, এই আন্দোলনের সঙ্গে যুক্ত কেউই ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে নয়, বরং একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই রাস্তায় ছিলেন। তবে নির্যাতিতার মা-বাবার সাম্প্রতিক মন্তব্য ‘আন্দোলনকারীরা নিজেদের স্বার্থে নেমেছিলেন’ এই বক্তব্যে সংগঠনের বহু সদস্যই গভীরভাবে আঘাত পেয়েছেন।

আরও পড়ুনঃ Nepal: জেন-জি বিক্ষো*ভের অভিযোগে ওলিকে গ্রেফতার, ক্ষমতায় আসতেই কড়া পদক্ষেপ শাহ সরকারের! আইনের শাসন প্রতিষ্ঠা, না কি বিরোধী শিবিরকে দমনের কৌশল?

তবুও সমস্ত সমালোচনার মাঝেও এক মানবিক দিক তুলে ধরেছে সংগঠন। তারা বলেছে, একজন সন্তানহারা মা কতটা অসহায় হলে এই বিশ্বাসে পৌঁছান যে ক্ষমতার অলিন্দে না গেলে বিচার পাওয়া সম্ভব নয়, তা বাইরে থেকে বিচার করা কঠিন। তাই ব্যক্তিগত আক্রমণ না করে তাঁর অবস্থার প্রতি সহানুভূতিশীল হওয়ার আবেদনও জানানো হয়েছে। একইসঙ্গে সংগঠন স্পষ্ট করেছে, তাদের রাজনৈতিক অবস্থানের কারণে কোনও দলের প্রার্থী হিসেবেই তাঁকে সমর্থন করা সম্ভব নয়, সে দল বিজেপি হোক বা অন্য কোনও রাজনৈতিক শক্তি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles