গতকাল, বৃহস্পতিবার গোটা দিন ধরে নবান্ন ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে চলেছে এক স্নায়ুযুদ্ধ। দু’পক্ষের বৈঠক নিয়ে চলে টানাপোড়েন। শেষ পর্যন্ত বৈঠক আর হয়নি। জুনিয়র চিকিৎসকদের শর্ত মেনে বৈঠকে রাজি হন নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কারণে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকরা।
আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্য উত্তাল। চারিদিকে চলছে বিক্ষোভ-আন্দোলন। ন্যায় বিচারের দাবীতে পথে নেমে আন্দোলনে সামিল সকল স্তরের মানুষ। এই ঘটনায় প্রতিবাদে প্রথম থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বর্তমানে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় তারা। এবার তাদের তরফে মেইল করা হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। কী লিখলেন তারা চিঠিতে?
৩৩ দিন কেটে গেলেও আর জি করের ঘটনায় কোনও উন্নতি হয়নি। গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। ৬৮ ঘণ্টা কেটে গেলেও এখনও তারা নিজেদের দাবীতে অনড়। গতকাল, বৃহস্পতিবার নবান্নের তরফে তাদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। পাল্টা মেইল করে নিজেদের দাবী জানান চিকিৎসকরা।
তারা জানিয়েছিলেন, বৈঠকে তাদের ৩০ প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে আর গোটা বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। তবে লাইভ স্ট্রিমিংয়ের শর্তে রাজি হয়নি নবান্ন। গতকাল নবান্ন পৌঁছলেও বৈঠকে যোগ দেন নি জুনিয়র চিকিৎসকরা। তাদের একটাই দাবী, তাদের শর্ত না মানলে বৈঠক হবে না। ফলে ভেস্তে যায় সেই বৈঠক।
আরও পড়ুনঃ রসদ নিয়ে জুনিয়র চিকিৎসকদের ধর্নায় বিজেপি নেতা, ছবি প্রকাশ্যে আসতেই হইচই, ‘এটাকে অরাজনৈতিক বলে?’, খোঁচা কুণালের
সেই কারণে এবার রাষ্ট্রপতিরই দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় অচলাবস্থা কাটাতে এবার রাষ্ট্রপতির সাহায্যের আবেদন করেন তারা। এজ, শুক্রবার সকালেই দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠানো হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত রাষ্ট্রপতির তরফে কোনও জবাব আসেনি বলে জানা গিয়েছে। রাজ্যপালকেও মেইল করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। রাজ্যপালের সাহায্যে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা।





