সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়ি রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সেই ঘটনায় এবার বিস্ফোরক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলাকালীনই এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “কাছে বন্দুক থাকে না? চালাতে পারো না?” রাজ্যপাল কেন এই ঘটনায় কিছু ঘোষণা করছেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আজ, শুক্রবার সকালে সন্দেশখালির সরবেড়িয়ার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি অভিযান চালায় ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশির জন্য এই অভিযান ছিল। কিন্তু সেখানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। স্থানীয় ও তৃণমূল কর্মীরা হামলা করে তাদের উপর। ২ ইডি আধিকারিকের মাথা ফেটে যায় হামলা। প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিন নিয়োগ দুর্নীতির শুনানি চলাকালীন এই ঘটনা নিয়ে মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিস্ময় প্রকাশ করেন তিনি। বিচারপতি জানান, সকালে তিনি সংবাদমাধ্যমে দেখেছেন বিষয়টা। তদন্তকারীদের মারধর করা হয়েছে, সংবাদমাধ্যম আক্রান্ত, এই ঘটনায় বিচারপতি বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা কোথায়”?
এদিন বিচারপতি বলেন, “কেন এখনও রাজ্যপাল ঘোষণা করছেন না যে, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? যদি তদন্তকারীরাই মার খান, তাহলে তদন্ত হবে কী করে”?
এদিন নিয়োগ দুর্নীতির শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি বলেন, “বন্দুক থাকে না ? চালাতে পারো না? ২ জনকে মেরেছে দুশো জনকে পাঠাও”। বিচারপতি এদিন স্পষ্ট করে দেন যে সন্দেশখালিতে স্থানীয় ও তৃণমূলের ভূমিকায় তিনি খুবই অসন্তুষ্ট।






