প্রাথমিকের একটি মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলাটি এবার গেল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে, এই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। সেই কারণে এই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া উচিত।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির নানান মামলা বিচারাধীন রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। নানান মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন তিনি। তাঁর নির্দেশে চাকরি গিয়েছে অনেকের। তাঁর বেঞ্চ থেকে মামলা সরিয়ে অন্য বেঞ্চেও দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘাত-প্রতিঘাত চলতেই থাকে।
কোন মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
জানা গিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মামলাটি ছেড়েছেন, তার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই। বিজেশ গাজী নামে এক ব্যক্তি আদালতে একটি আর্জি জানিয়ে মামলা করেছিলেন। মামলাকারীর বক্তব্য ছিল, পঞ্চম শ্রেণীকে যাতে পুরোপুরিভাবে প্রাথমিকের অন্তর্গত করা হয়।
মামলাকারী জানান, এখনও রাজ্যের অনেক হাইস্কুলে পঞ্চম শ্রেণী পড়ানো হয়। পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের যাতে সম্পূর্ণভাবে প্রাথমিকের পড়ুয়া বলেই গণ্য করা হয়, সেই কারণেই এই আর্জি জানিয়েছিলেন তিনি। পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনার জন্য মামলা দায়ের হয়।
মামলাকারীর আইনজীবী সওয়াল করেছিলেন, পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য প্রথম থেকেই একটাই পরীক্ষা হয়। টেটের মাধ্যমে পঞ্চম শ্রেণীতে শিক্ষক নিয়োগ হয়। তাহলে পঞ্চম শ্রেণীকে কেন প্রাথমিকের আওতায় সম্পূর্ণভাবে করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে।
এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই মামলার সঙ্গে রাজ্য সরকারের শিক্ষানীতি জড়িয়ে রয়েছে। বিচারপতির মতে, এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা হওয়া উচিত। বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত। সেই কারণে এই তিনি নিজে মামলাটি ছেড়ে তা প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানোর কথা বলেন।





