এবার ২০১৬ সালের টেট নিয়োগ নিয়ে এক বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় জেলাভিত্তিক তথ্য চেয়ে নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির উদ্দেশে বিচারপতি নির্দেশ দিয়ে জানান যে আগামী ২ সপ্তাহের মধ্যে তথ্য জমা দিতে হবে আদালতে।
এদিন হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে জেলাভিত্তিক ‘কাট অফ’ মার্কসের তথ্য জমা দিতে হবে আদালতে। প্রত্যেক জেলায় জাতিগত, ক্যাটেগরি ভিত্তিক, মিডিয়াম অনুযায়ী সর্বশেষ নিয়োগপ্রাপক দের নম্বর কত, সে বিষয়েও আদালতকে জানাতে হবে। দু’সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে।
আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল যে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি করেছে। এরপর তা নানান জেলায় বিকেন্দ্রিত হয়। অর্থাৎ, জেলায় জেলায় নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা সংসদের যথেষ্ট ভূমিকা ছিল। সেই বিষয়েই আরও গভীরে জানার জন্যই জেলাভিত্তিক তথ্য তলব করল হাইকোর্ট, এমনটাই মনে করা হচ্ছে।





