রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত করবে সিবিআই, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরপরই তৃণমূলের একাংশে শোরগোল পড়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার হাইকোর্টের এই রায়কে মেনে নিয়ে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, “তদন্ত হোক। সব তথ্য সামনে আসবে”।
আদালতের নির্দেশে রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। তদন্তের পর কমিশন আদালতে যে রিপোর্ট জমা দেয়, তাতে জ্যোতিপ্রিয়বাবুকে ‘নটোরিয়াস ক্রিমিন্যাল’ বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন- জনপ্রিয়তার পরিণতি! স্বামী-সন্তান ছেড়ে নিজের গাড়ির চালককেই বিয়ে করলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি
এবার সেই ‘নটোরিয়াস ক্রিমিন্যাল’ জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মানবাধিকার কমিশনের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। যারা কমিশনে রয়েছে তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসা উচিত”। তাঁর কথায়, “আমি পেশায় একজন আইনজীবী। আদালতের নির্দেশ নিয়ে কোনও কথা আমি বলবো না। তদন্ত হোক। সব তথ্য সামনে আসবে”।
আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে রায় দেওয়া হয়েছে যে রাজ্যের ভোট পরবর্তী হিংসার মামলার জন্য সিবিআইকে নিযুক্ত করা হবে। খুন, ধর্ষণের মতো বেশি গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে সিবিআই। অন্যান্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তের জন্য সিট বা বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
অন্যদিকে আবার তৃণমূল সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে শাসকদল।






