“জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর” স্বামী বিবেকানন্দের এই উক্তি বইয়ের পাতাতেই সীমাবদ্ধ রয়ে গেছে। অনেকেই রাস্তার পশুদের পছন্দ করেন না, এদিকে তাদের বাড়িতেই থাকে নামিদামি পোষ্য। এমন অনেক সময় হয়ে থাকে রাস্তার পশুদের অবহেলা করে নিজের বাড়ির পোষ্যকে ভালোবাসেন তারা। রাস্তার কুকুরদের (stray dog) উপর অত্যাচারের ঘটনা নতুন নয়। এর আগেও বহু ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। আবার নৃশংসভাবে পথ কুকুরের হত্যার ঘটনা ঘটল।
পথ পুকুর (stray dog) হত্যার ঘটনা ঘটল দমদম পৌরসভার মল রোড এলাকায়। অভিযোগ উঠেছে, একটি দৃষ্টিহীন পথ কুকুরের গায়ে গরম জল ঢেলে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। অভিযোগ সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছেন পশুপ্রেমীরা। ইতিমধ্যেই এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
দমদম রোডে এই ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। এলাকার এক বাসিন্দার কথায়, কুকুরের চিৎকার শুনে তিনি ছুটে যান, দেখেন, রাস্তায় পড়ে কুকুরটি ছটফট করছে। কুকুরটিকে (stray dog) রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান তিনি। তবে ক্লিনিকে নিয়ে গেলেও কুকুরটিকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে কুকুরটির মৃত্যু হয়। ওই ব্যক্তির কথায় কুকুরের শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল, তাই কুকুরটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। তার ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। এমনকি পশুদের ওপর নিষ্ঠুরতা আইনে মামলার রুজু করা হয়েছে। তদন্তের অগ্রগতির জন্য কুকুরের (stray dog) মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে এর সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানতে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
স্থানীয়দের বক্তব্য, অন্যান্য সব এলাকার থেকে এই এলাকায় পথ কুকুরদের সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গেছে। তার ফোনে সাধারণ মানুষকে কুকুরে (stray dog) কামড়ানোর ঘটনা বেড়ে চলেছে। অভিযোগ, কুকুর নির্বীজকরণের জন্য পুরসভার তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে এমন নৃশংস ঘটনায় নিন্দা সরব হয়েছেন তারা। এমন কি দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে দমদম পুরসভার তরফে জানানো হয়েছে, “পুলিশ এই ঘটনার তদন্ত করছে। অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার করা হবে। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না।”
প্রসঙ্গত, দমদম পুরসভায় কুকুরের (stray dog) জন্মনিয়ন্ত্রণের কোনও পরিকাঠামো নেই। এর জন্য একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। তারাই নির্বীজকরণের কাজ করবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই নদিয়ার কৃষ্ণনগরে পথকুকুরকে লাঠির আগায় পেরেক গুঁজে পিটিয়ে খুনের ঘটনা সামনে এসেছিল। আবার, বনগাঁর দীনবন্ধু নগর এলাকায় রাতের অন্ধকারে ৩ পথ কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে।





