উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী শনিবার ও রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখনও লাল সতর্কতা বহাল রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও। তবে তার আগে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া চলতি সপ্তাহে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সোমবারও লাল সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং বুধবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস।
আরও পড়ুনঃ বারবার নিয়ম ভ*ঙ্গ নাকি বাংলাদেশে হিন্দু নি*র্যাতন নিয়ে সরব হওয়াই কি কাল হল? চিন্ময়কৃষ্ণ দাসের পাশে দাঁড়ানো থেকে মেনকা গান্ধীকে আইনি নোটিস, হঠাৎ কেন ইসকনের সব দায়িত্ব থেকে সরানো হল রাধারমণ দাসকে?
আবহাওয়াবিদদের মতে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশের কারণেই এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।






