তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফের নতুন বিতর্ক শুরু হয়েছে। এবার কলকাতা পুরসভার তরফে তাঁর বাড়ির ‘এলিভেশন ড্রয়িং’ বা নির্মাণ সংক্রান্ত উচ্চতার নকশা জমা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও প্রশাসনিক সূত্রের দাবি, এটি একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং নির্মাণ সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্যই এমন নথি চাওয়া হয়ে থাকে। তবুও বিষয়টি সামনে আসতেই নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।
জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে সংশ্লিষ্ট বাড়ি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার নির্দেশ পাঠানো হয়। সেই তালিকাতেই রয়েছে এলিভেশন ড্রয়িং। সাধারণত কোনও বহুতল বা বড় নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের উচ্চতা ও বাইরের গঠন তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই ধরনের নথি চাওয়া হয়। সূত্রের খবর, ‘শান্তিনিকেতন’ নামের বাড়িটির ক্ষেত্রেও নির্মাণের আগে জমা পড়া নকশার সঙ্গে বর্তমান অবস্থার মিল রয়েছে কি না, তা যাচাই করতেই পুরসভা এই পদক্ষেপ করেছে।
তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ব্যাখ্যাও সামনে আসতে শুরু করেছে। কারণ, গত কয়েক সপ্তাহ ধরেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে একাধিক প্রভাবশালী ব্যক্তি ও সম্পত্তি মালিকদের কাছে নোটিস পাঠানো নিয়ে আলোচনা চলছে। সেই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নথি চাওয়ার ঘটনাকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। রিপোর্ট অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা মোট ১৭টি বাড়ির নকশা আগেই জমা দিতে বলা হয়েছিল। অভিযোগ উঠেছিল, অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে কিছু অংশ নির্মাণ করা হয়েছে। সেই কারণেই কলকাতা পুর আইন ১৯৮০-এর ৪০০(১) ধারায় নোটিস পাঠানো হয় বলে জানা যায়।
পুরসভার তরফে নোটিসে সংশ্লিষ্ট ভবনের ‘বেআইনি অংশ’ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, সমস্ত নথি আইন মেনেই জমা দেওয়া হবে এবং গোটা বিষয়টিকে অস্বাভাবিকভাবে দেখার কোনও কারণ নেই। সূত্রের খবর, প্রথমে সাত দিনের সময়সীমা দেওয়া হলেও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর পক্ষ থেকে আরও সময় চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই অতিরিক্ত সময় দেয় কলকাতা পুরসভা।
আরও পড়ুনঃ “ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল….যেটা পাওয়ার কথা ছিল, তা কি পেয়েছিল অনীক?” টলিউড পরিচালকের রহস্যমৃ’ত্যুর পর বি’স্ফোরক দাবি মামার! সামনে আনলেন কোন নতুন তথ্য?
এদিকে এই বিতর্কের মাঝেই সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি দাবি করেন, কোন অংশ বেআইনি তা নির্দিষ্ট করে দেখানো হলে তবেই তিনি বিস্তারিত জবাব দেবেন। তাঁর এই মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা আরও বেড়েছে। এখন এলিভেশন ড্রয়িং জমা দেওয়ার নির্দেশ সামনে আসায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে, আগামী দিনে এই বিতর্ক আরও কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






