এভারেস্ট জয়ের পর এবার লাদাখে নতুন শৃঙ্গ জয় করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এরআগে ২০১০ সালে মাউন্ট এভারেস্ট জয় করে তাক লাগিয়েছিলেন তৎকালীন শ্যামপুকুর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল রায়। ইতিমধ্যে তিনি ভারতের ১১টি পর্বতচূড়া স্পর্শ করেছেন।
জানা গেছে, ৫৯ বছর বয়সী উজ্জ্বল বাবুর পর্বতারোহনের নেশা বহুদিনের। তিনি উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে পর্বতারোহন শিখেছেন। তাই পুলিশের চাকরির পাশাপাশি পর্বতারোহন করতে বেরিয়ে পড়েন তিনি।
সম্প্রতি তিনি লাদাখের নতুন শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবার তিনি স্নাউট অ্যাডভেঞ্চারার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে যাচ্ছেন। কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেনে প্রথমে চণ্ডীগড় পৌঁছবেন। তারপর সেখান থেকে যাত্রা শুরু করবেন।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার উজ্জ্বল রায়ের এহেন কাজে উৎসাহ জুগিয়েছেন কলকাতা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত, কয়েকমাস আগেই বাঙালি মেয়ে চন্দননগরের পিয়ালি বসাক অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করে প্রথম মহিলা হিসেবে রেকর্ড করেছেন।






