একদিকে যখন পার্থ ও অনুব্রতর গ্রেফাতারির জেরে তৃণমূল কার্যত কোণঠাসা, এমন সময় এবার ফের ডাক এল সিবিআইয়ের। এবারে সিবিআইয়ের নজরে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফের একবার নারদ মামলায় ফিরহাদ হাকিমকে সিবিআই নোটিশ দিয়ে তলব করেছে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহেই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
সিবিআই সূত্রের খবর অনুযায়ী, নারদ মামলায় ফিরহাদ হাকিম যে বিবৃতি দিয়েছেন, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তদন্ত করতে গিয়ে অন্যরকম তথ্য উঠে এসেছে। মন্ত্রী প্রথম পর্যায়ে যে লিখিত বিবৃতি দিয়েছিলেন, তার সঙ্গে তদন্তে পাওয়া নানান তথ্য খতিয়ে দেখতে চান সিবিআই আধিকারিকরা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠের বিদেশে একাধিক বিনিয়োগ রয়েছে। সেসবের দিকেও নজর রয়েছে সিবিআইয়ের। ইডিও ফিরহাদ হাকিমকে তলব করতে পারে বলে জানা যাচ্ছে।





