বৃষ্টি থেমে বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় দেখা মিলেছে রোদের, তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। হাওয়া অফিস দক্ষিণবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যেই জারি করেছে হলুদ সতর্কতা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ঝড়বৃষ্টি হতে পারে শুক্রবার ও শনিবার। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি রবিবার পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
এদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। শনিবার থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার সেই বৃষ্টির মাত্রা আরও বাড়বে এবং কিছু এলাকায় অতি ভারী বর্ষণ হতে পারে। দুর্যোগ চলবে অন্তত সোমবার পর্যন্ত।
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন অত্যন্ত সক্রিয়, যার ফলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল, তা এখন ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে শক্তি হারিয়েছে। যদিও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে, যার প্রভাবে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে।
আরও পড়ুনঃ ২০২৫ সালের রাজলক্ষ্মী যোগ: ২০ জুলাই থেকে খুলে যাবে এই ৫ রাশির ভাগ্য! সাফল্য, প্রেম ও অর্থে ভরবে জীবন
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। চোখ রাখুন আবহাওয়ার খবরে, কারণ পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার