Narendra Modi : বঙ্গ সফরের আগে তৃণমূলের ‘অপশাসন’ তুলে সরব মোদি, পাল্টা পাঁচ প্রশ্ন ছুঁড়ল তৃণমূল!

বিজেপির সর্বভারতীয় নেতা তথা দেশের প্রধানমন্ত্রী বাংলায় এলেই একটা আলাদা উত্তেজনার সৃষ্টি হয় রাজনীতির ময়দানে। তেমনই চিত্র ফের দেখা গেল এবারের সফরের আগেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুর সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একদিকে যেমন বিজেপি শিবিরের একাংশে উন্মাদনা চোখে পড়ছে, তেমনই কিছু বিষয় নিয়ে দলের অন্দরে চলছে সংশয়, আলোচনা ও গুঞ্জন। কারা মঞ্চে থাকবেন, কারা বাদ পড়বেন, দিলীপ ঘোষ থাকছেন কি না— এসব নিয়েই জল্পনা তুঙ্গে।

তবে এই অনিশ্চয়তার মধ্যেও বঙ্গ বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে নিজেই মাঠে নামলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতেই নিজের এক্স (X) হ্যান্ডেল থেকে মোদি লিখলেন, “পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ বিজেপির দিকে তাকিয়ে আছেন উন্নয়নের আশায়। বিজেপিই পারে প্রকৃত পরিবর্তন আনতে।” এই পোস্ট ঘিরেই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

শুধু জনসভা নয়, সঙ্গে থাকছে সরকারি কর্মসূচিও। প্রধানমন্ত্রীর কথায়, “তেল, গ্যাস, রেল, বিদ্যুৎ ও সড়ক সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করব। ৫০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রকল্প উদ্বোধন হবে।” এই প্রকল্পগুলিকে কেন্দ্র করেই বিজেপি দাবি করছে, তারা উন্নয়নমূলক রাজনীতির পক্ষপাতী।

বিজেপি সূত্রের খবর, আজকের দুর্গাপুর সভায় থাকছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যের মতো প্রথম সারির নেতারা। মঞ্চে থাকার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীরও। তবে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে জল্পনা এখনও বজায়।

আরও পড়ুনঃ শনিবার থেকে ফের বৃষ্টি কলকাতায়, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, কী বলছে আবহাওয়া দফতর?

তবে সফরের আগেই ‘প্রচার’ মন্ত্রী বলে কটাক্ষ করে প্রশ্নবাণ ছুড়েছে তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে প্রশ্ন তোলা হয়েছে, “বাংলা বলা কি অপরাধ?”, “জাতীয় সঙ্গীত গেয়ে কি তিনিও অপরাধ করেছেন?”, “কোন আইনে ভাষার ভিত্তিতে হেনস্তা করা হচ্ছে নাগরিকদের?”, “কোন যুক্তিতে বিজেপি ভাবে এভাবে বাংলায় ক্ষমতা দখল করা সম্ভব?”— একে একে পাঁচটি প্রশ্ন তুলে আক্রমণে সরব হয়েছে শাসকদল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “খালি হাতে শুধু বুলি দিতে এসেছেন প্রধানমন্ত্রী।”

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর