‘দুষ্কৃতীদের দলে জায়গা করে দিচ্ছে তৃণমূল’, দলের বিরুদ্ধে বেসুরো কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, অস্বস্তিতে শাসকদল

‘সব দুষ্কৃতীরা তৃণমূলে যোগ দিচ্ছে’, নিজের দলের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এতদিন ধরে বিরোধী পক্ষ তৃণমূলের বিরুদ্ধে এমন মন্তব্য করে এসেছে। এবার খোদ দলেরই নেতা এমন অভিযোগ করায় বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

গত শনিবার কুম্ভীরা ফাঁড়ির পুলিশ মালদার বৈষ্ণবনগরের বখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দৌলতপুরে জাল নোট পাচারকারীদের ধরতে যান। অভিযোগ, সেই পাচারকারীদের যখন আটক করে পুলিশ প্রিজন ভ্যানে তুলছিল, সেই সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ কর্মীদের উপর হামলা চালায়।

এই ঘটনায় গুরুতর আহত হন ওসি-সহ ২ পুলিশ আধিকারিক ও ১ সিভিক ভলেন্টিয়ার। এরপরই এই ঘটনায় জোর তল্লাশি শুরু হয়। এই তল্লাশির জেরে গ্রেফতার করা হয় বখরাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সীমা বিবি ও তাঁর স্বামী তৃণমূল নেতা হবিবুর রহমানকে।

এরপরই এই ঘটনায় তৃণমূলের সঙ্গে দুষ্কৃতীদের যোগ থাকার অভিযোগ করেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তবে দলের পক্ষ থেকে এমন অভিযোগকে নাকোচ করে দেওয়া হয়েছে।

মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “নিজেদের পিঠ বাঁচাতে তৃণমূলে নাম লেখাচ্ছে সমাজবিরোধী, দুস্কৃতীরা। আর তৃণমূলও দলে প্রবেশের জন্য তাঁদের সুযোগ করে দিচ্ছে। অবিলম্বে এদের দল থেকে বার করে দেওয়া উচিৎ। নাহলে এদের জন্য দলের ভাবমূর্তি খারাপ হয়ে যাচ্ছে”। দলীয় নেতার এমন মন্তব্যের জেরে বেশ অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। দলের অন্দরে চাপানউতোর শুরু হয়েছে বলে খবর।

RELATED Articles