‘জুনিয়র চিকিৎসকদের গ্রেফতার করা উচিত সিবিআইয়ের’, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন কুণাল ঘোষ

আর জি করের ঘটনার প্রতিবাদে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আসল দোষীদের শাস্তি, সরকারি হাসপাতালে নিরাপত্তা এমন নানান দাবী নিয়ে ফের শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। এমন আবহে এবার জুনিয়র চিকিৎসকদের গ্রেফতারির দাবী তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কেন এমন দাবী তাঁর?

আর জি করের নির্যাতিতার ময়নাতদন্ত নিয়ে প্রথম থেকেই উঠেছে প্রশ্ন। কেন সূর্যাস্তের পরও ময়নাতদন্ত হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, তথ্যপ্রমাণ লোপাটের জন্যই তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়েছে। অন্যদিকে আবার তৃণমূলের তরফে দাবী, জুনিয়র চিকিৎসকদের সম্মতিতেই হয়েছে ময়নাতদন্ত। এই নিয়ে আগেই দ্বিচারিতার অভিযোগ এনেছিলেন কুণাল ঘোষ। এবার তিনি দাবী করলেন গ্রেফতারির।

আর জি করের নির্যাতিতার ময়নাতদন্তের নথিতে সই রয়েছে পাঁচ পিজিটি চিকিৎসকের। অর্থাৎ ময়নাতদন্তের সময় তারা সেখানে উপস্থিত ছিলেন ও ময়নাতদন্ত নিয়ে তারা সম্মতিও জানিয়েছেন। ফলে কুণালের প্রশ্ন, ময়নাতদন্তে নিজেদের প্রতিনিধি হাজির থাকার কথা বেমালুম চেপে গিয়ে জুনিয়র চিকিৎসকরা এতদিন আন্দোলনের নামে কুৎসা কেন রটাচ্ছেন? কাদের উসকানিতে এমন হচ্ছে? জুনিয়র চিকিৎসকরা যে ময়নাতদন্ত প্রক্রিয়া দেখেশুনে তাতে ‘সন্তুষ্ট’ বলে সই করেছেন, এখন সেই স্বচ্ছতার দায় ঝেড়ে ফেলে পুলিশকে কেন নিশানা করছেন তারা? 

এই নিয়ে প্রশ্ন তুলে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ওই জুনিয়র ডাক্তাররা প্রথমে ময়নাতদন্তের নথিতে সই করেছেন, তারপর প্রতিবাদে সামিল হয়েছেন। ওঁদের গ্রেফতার করে আগে জেরা করা উচিত সিবিআইয়ের! এমন দ্বিচারিতা কেন, কারা আছে ওঁদের পিছনে, জানা দরকার”।

কুণালের কথায়, “”সই মানে মান্যতা। ভুল থাকলে সই কেন? জানতাম না বলেছিলেন কেন? আপত্তি থাকলে সইয়ের সঙ্গে সেটা কেন লেখেননি? কেন নথি ফাঁসের পর নাটক? তখন সই, এখন প্রতিবাদ কেন”?

kunal ghosh post

আরও পড়ুনঃ ছাত্রমৃত্যুর ঘটনায় তুলকালাম পরিস্থিতি বাঁশদ্রোনীতে, থানার ওসি-কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি, রণক্ষেত্র এলাকা

তবে এই ময়নাতদন্ত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কিঞ্জল নন্দ জানিয়েছেন, “যাতে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা না হয়, তাই ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবী জানানো হয়েছিল। সেই দাবীতে সই করা মানে এই নয় যে ময়নাতদন্তের স্বচ্ছতার দায়ও জুনিয়র ডাক্তারদের। পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে”।

RELATED Articles