‘পুরনো দলকে কুৎসিত আক্রমণ করবেন না’, বিজেপিতে যোগ দিতেই তাপসকে কড়া বার্তা কুণালের, কটাক্ষ অভিষেকেরও

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ঘাসফুল ছেড়ে এবার ভিড়েছেন পদ্মফুলে। বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। এরপরই কড়া বার্তা উড়ে এল তৃণমূল নেতা কুণাল ঘোষের তরফে। পুরনো দলকে ‘কুৎসিত আক্রমণ’ না করার কথা বলেছেন তিনি। কিন্তু ইতিমধ্যেই তাপস রায় পুরনো দলকে নিয়ে কটাক্ষ শানিয়ে ফেলেছেন।

বিগত কয়েকদিন ধরেই তাপস রায়কে নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছিল রাজনৈতিক অন্দরে। গত সোমবার তৃণমূলকে বিদায় জানান তিনি। ইস্তফা দেন বিধায়ক পদ থেকেও। এরপরই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়। গতকাল, বুধবার বিকেলে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তাপস রায়। এদিন যোগদানের পর তিনি বলেন, যতদিন রাজনীতি করবেন, ততদিন বিজেপির সঙ্গেই থাকবেন। মোদীর আনুগত্য হয়ে থাকবেন তিনি।

বাদ দেন নিজের পুরনো দলকে কটাক্ষ শানাতেও। বলেই দেন, “এই সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার, শিবু হাজরাদের সরকার। বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের সরিয়ে সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, তাই বিজেপিতে যোগ দিলাম”।

তবে কুণাল ঘোষ তাপস রায়কে বার্তা দিয়ে বলেন তিনি যাতে নিজের পুরনো দলকে কুৎসিত আক্রমণ না করেন। সোশ্যাল মিডিয়ায় তাপসের উদ্দেশে কুণালের পোস্ট, “‘তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাঁর বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক। তবু আশা করব, তিনি শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না। তৃণমূল কর্মীরা তাঁকে ভালবাসতেন। তাঁদের আবেগে আঘাত করে তিনি যেন বিজেপির ভাষায় পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1765353592125542500

শুধুমাত্র কুণালই নন, বিজেপিতে যোগদানের পর তাপসকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে ফের ওয়াশিং মেশিন তত্ত্ব টেনে এনেছেন তিনি। অভিষেকের কথায়, “বিজেপির ওয়াশিং মেশিন আবার চলতে শুরু করেছে! ইডি তল্লাশির মাত্র দুমাসের মধ্যে তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে দিলেন। বিজেপি বাংলার গরিব মানুষকে কীভাবে দেখে তার প্রমাণ এটা! এটা ওদের জমিদারি মানসিকতার প্রমাণ”।

https://twitter.com/abhishekaitc/status/1765384791577526671

প্রসঙ্গত, যদিও অভিষেকের এই অভিযোগ নতুন নয়। তিনি ও তাঁর দল বরাবরই দাবী করে এসেছেন যে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূল থেকে নেতাদের নিজেদের দলে টানছে বিজেপি। এবার তাপস রায়ের গ্রেফতারির পর ফের তেমনই অভিযোগ আনলেন তিনি।  

RELATED Articles