আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। নাম না করেই দলের এক নেতাকে তোপ দেগেছেন তিনি। আর এরপর ঘটিয়ে ফেললেন আরও এক কাণ্ড। নিজের এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয়ই মুছে ফেললেন তিনি। আপাতত সেখানে তাঁর বায়োতে লেখা, তিনি ‘সাংবাদিক’ ও ‘সমাজকর্মী’। এর জেরে শুরু হল জোর জল্পনা।
কী লিখেছেন কুণাল সোশ্যাল মিডিয়ায়?
গতকাল বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট দিয়ে কুণাল ঘোষ লেখেন, “নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়), অভিষেক, এবং তৃণমূলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না”।
এমন পোস্ট দিয়ে নিজের দলকে ট্যাগও করেছেন তিনি। তবে ঠিক কোন নেতার উদ্দেশে এই পোস্ট করেছেন, কুণাল, তা এখনও স্পষ্ট নয়। তবে সব থেকে বেশি জল্পনা তৈরি হয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁর রাজনৈতিক পরিচয় মুছে দেওয়া নিয়ে। কুণাল নিজেকে তৃণমূলের মুখপাত্র ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবেই পরিচয় দিতেন নিজের এক্স হ্যান্ডেলে। এবার সেই জায়গায় দেখা যাচ্ছে, তাঁর পরিচয় শুধুমাত্রই সাংবাদিক ও সমাজকর্মী।
তবে সূত্রের খবর, উত্তর কলকাতার এক প্রভাবশালী নেতার বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন কুণাল ঘোষ। জানা যাচ্ছে, কুণালের সঙ্গে সেই নেতার তিক্ততা বেশ বেড়েছে। গতকাল, বৃহস্পতিবারই ওই নেতা উত্তর কলকাতায় একটি সভা করেন। সেখানে যদিও কুণাল উপস্থিত ছিলেন। আর নিজের পোস্টেও কারোর নাম উল্লেখ করেন নি তিনি। সেই কারণে ঠিক কাকে এমন তোপ দাগলেন তিনি, তা নিয়ে জল্পনা জিইয়েই রয়েছে।
কুণালের এহেন কর্মকাণ্ডের প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, “একজন ব্যক্তি যেভাবে নিজের ব্যক্তিগত পরিচিতি দিতে চান, সেই পরিসরটাকে সকলেরই সম্মান করা উচিত। আমি সেই সম্মান জানিয়েই বলছি এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারব না”।





