‘মানুষ তৃণমূলকে ভুল বুঝছে, মানুষের আবেগে আঘাত করা হয়েছে…’, আর জি করের হামলার নিন্দা করে দলের বিরুদ্ধে সরব কুণাল

আর জি করের ঘটনা নিয়ে সরব গোটা বাংলা-সহ দেশ। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে সকলে। দিকে দিকে চলছে আন্দোলন। এরই মধ্যে মহিলাদের রাত দখলের কর্মসূচির দিন হামলা হয় আর জি করে। হামলা করা হয় চিকিৎসকদের উপর। ভাঙচুর করা হয় জরুরি বিভাগ, নষ্ট হয় লক্ষাধিক টাকার ওষুধ। এবার এই ঘটনার নিন্দা করে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

শুধু তাই-ই নয়, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পুনর্বহাল করা নিয়েও কথা বললেন তিনি। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় পড়ুয়াদের প্রতিবাদের চাপের মুখে পড়ে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। যদিও সেই ঘটনার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আবার ন্যাশানাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ হিসেবে বহাল করা হয়। এই ঘটনার বিরুদ্ধে এখন মুখ খুললেন কুণাল ঘোষ।      

সন্দীপের বিরুদ্ধে অভিযোগ তুলে শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে এবার এই ঘটনা নিয়ে কথা বললেন কুণাল ঘোষও। আজ, শনিবার তিনি বলেন, “অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে পুনর্বহালের সিদ্ধান্ত ভালো হয়নি। আমি সেদিনই বলেছিলাম। তবে তৃণমূল এসবের মধ্যে জড়াতে চায় না”।

এর পাশাপাশি আর জি করে হামলার ঘটনা প্রসঙ্গে কুণাল বলেন, “মানুষ ভুল বুঝেছে। প্রশাসনিক কিছু ভুল ত্রুটি হয়েছে। মানুষের আবেগকে আঘাত করেছে”। কুণাল সাফ কথা, সেই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

কিন্তু তৃণমূল নেতা হয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন? কুণালের কথায়, “আমি দলের সৈনিক। তবে দলের কিছু কাজ নিয়ে মানুষ ভুল বুঝলে আমার বলা উচিত। এটার জন্য দল যদি আমাকে ভুল বোঝে তো বুঝবে। কিছু ভুল হলে আমি বলবই। তাতে আমাকে বিষপান করতে হলে করব”।

এখানেই শেষ নয়, আর জি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কুণাল বলেন, “ডাক্তারবাবুদের সবাই খারাপ নন। তবে বাংলাদেশের ঘটনায় বাইপাসের ধারে হাসপাতালগুলির রোগী আসছে না। ফলে সরকারি হাসপাতালে কর্মবিরতি থাকলে কাদের লাভ? এই কর্মবিরতি যাঁরা আবেগ দিয়ে করছেন, তাঁদের নিয়ে অবশ্য কিছু বলার নেই”।

RELATED Articles