সারদা মামলা নিয়ে শুভেন্দু অধিকারীকে চাপের মুখে ফেললেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আসলে দু’দিন আগেই সারদা মামলা নিয়ে সিবিআইকে লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তদন্তে গতি আনার কথা জানিয়েছিলেন তিনি। এবার সেই নিয়ে শুভেন্দুকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে কুণাল বললেন, “আসুন যৌথ জেরায় অংশ নিই”।
সারদা মামলায় শুভেন্দু নিজেও অন্যতম অভিযুক্ত। কিছুদিন আগে প্রেসিডেন্সি জেল থেকে সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ করেছেন। সেই চিঠি নিয়ে চলছে তদন্ত। আর এরই মধ্যে সিবিআইকে মামলার তদন্তে গতি এনে কিংপিনকে গ্রেফতার করার দাবী তোলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত বলে অভিযোগ করেন তিনি।
সিবিআইকে চিঠিতে কী বলেন শুভেন্দু?
গত ২০ জুলাই সারদা মামলা প্রসঙ্গে সিবিআইয়ের কাছে বেশ কিছু চিঠি ও নথি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। টুইট করে সেকথা জানান শুভেন্দু। তিনি লেখেন, সিবিআই সারদা কাণ্ডের কিংপিনকে না ধরতে পারায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে চলেছে। সারদা-সহ নানান চিটফান্ডের মালিকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। এগুলির দ্বারা সরাসরি উপকৃত হয়েছেন তিনি।
সিবিআইকে লেখে চিঠিতে শুভেন্দু এও উল্লেখ করেছেন যে জেলে থাকাকালীন কুণাল ঘোষ বারবার বলেছেন যে মতা বন্দ্যোপাধ্যায় এও দুর্নীতিতে যুক্ত ও আসল অপরাধী। এর পাল্টা হিসেবেই শুভেন্দুকে চ্যালেঞ্জ জানান কুণাল। যৌথ জেরায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে টুইট করেন তিনি।
কী বলছেন কুণাল?
টুইট করে কুণাল লেখেন, “সারদা কেলেঙ্কারির বিষয়ে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমি ইতিমধ্যে কয়েকটি চিঠি জমা দিয়েছি। এবং শুভেন্দুর চিঠির নাটকের প্রতিক্রিয়া জানিয়ে, এটা তাঁর কাছে আমার খোলা চ্যালেঞ্জ, আসুন তদন্তে সহযোগিতা করার জন্য একটি যৌথ জিজ্ঞাসাবাদে অংশ নিই”।





