‘উডবার্ন কি হাসপাতাল না কি কয়েদীদের আশ্রয়খানা’, আদালতে কান্নায় ভেঙে পড়ে বিস্ফোরক কুণাল, ফের তোপ রাজ্যের অন্য এক মন্ত্রীকেও

ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর আগেই বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এবার আজ, সোমবার আদালতে গিয়ে রাজ্যের অন্য এক মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন কুণাল।

আজ, সোমবার এমপি এমএলএ-দের বিশেষ কোর্টে হাজিরা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এদিন বিচারকের সামনে কাঠগড়ায় কার্যত ভেঙে পড়েন কুণাল ঘোষ। বলেন, “আইকোর মামলায় মঞ্চে যিনি বক্তৃতা করেছেন, তিনি আমায় পাগল বলেছিলেন”।  এখানেই শেষ নয়। এদিন নাম না করেই কুণাল বলেন, “তিনি মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন, জেলে ঢোকানো দরকার”। জেলে বন্দি থাকাকালীন আত্মহত্যার চেষ্টার মামলায় বিচারকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন অভিযোগ করেন কুণাল।

কুণাল এদিন আরও বলেন, “আমার দাঁতের চিকিত্সা করা হয়নি অথচ প্রভাবশালীদের উডবার্নে চিকিৎসা হয়”।

এখানেই থামেননি তিনি। এও প্রশ্ন তোলেন, “উডবার্ন কি হাসপাতাল না কি কয়েদীদের আশ্রয়খানা? সুদীপ্ত সেনের চিঠিতে যাদের নাম আছে, তাঁরা দল বদলে ঘুরে বেড়াচ্ছেন”। বলে রাখি, এর আগে সারদা ও নারদা মামলায় যুক্ত থাকার অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ।

RELATED Articles