‘থ্রেট কালচারের অংশ হয়ে হুমকি দিয়ে রাজনীতি করবেন না’, রাজ্য সরকারকে দেওয়া ডেডলাইন প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকদের আর্জি কুণালের

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় আন্দোলনের ঝাঁঝ উত্তরোত্তর বাড়ছে। অনশন তো চলছেই জুনিয়র চিকিৎসকদের, এবার তারা রাজ্য সরকারকে ডেডলাইনও বেঁধে দিয়েছেন। সেই ডেডলাইন অনুযায়ী তাদের দাবী পূরণ না হলে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এবার এই ঘটনায় চিকিৎসকদের ধর্মঘটের পথে না যাওয়ার আর্জি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।  

তরুণী চিকিৎসকের ন্যায় বিচার, হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবীতে গত ১৪ দিন ধরে অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছু চিকিৎসক। এরই মধ্যে গতকাল, শুক্রবার জুনিয়র চিকিৎসকদের তরফে ঘোষণা করা হয়, আগামী সোমবারের মধ্যে তাদের দাবী পূরণের জন্য আলোচনায় বসতে হবে মুখ্যমন্ত্রীকে। তা না হলে মঙ্গলবার থেকে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে তারা ধর্মঘট করবেন। সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্ত এটা, এমনটাই জানানো হয়।

জুনিয়র চিকিৎসকদের এই ঘোষণা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর্জি জানান কুণাল ঘোষ। তাঁর কথায়, “এখন অনশনের কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। শরীরে চাপ নেবেন না। প্রকৃত শুভানুধ্যায়ীদের পরামর্শ মানুন। শকুনের রাজনীতির প্ররোচনায় আবেগকে বিভ্রান্ত হতে দেবেন না”। তৃণমূল নেতার দাবী, বাম ও অতি বাম মানসিকতা থেকেই চিকিৎসকরা ধর্মঘটের কথা তুলেছেন।

কুণাল ঘোষের মতে, চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে এমন ধর্মঘটের ঘোষণা আসলে জনবিরোধী ভাবনা ছাড়া আর কিছু নয়। চিকিৎসকদের উদ্দেশে কুণালের বার্তা, তারা যাতে আন্দোলনকে জনগণের শত্রুর পর্যায়ে না নিয়ে যান।

এই প্রসঙ্গে বাম জমানাকেও কটাক্ষ করেন কুণাল। বলেন, “এই সরকার জ্যোতি বসুর সরকারের মতো ডাক্তারদের আন্দোলন পুলিশ দিয়ে পিটিয়ে তোলেনি। বরং মুখ্যমন্ত্রী আপনাদের মঞ্চে গিয়েছেন, বাড়িতে ডেকেছেন, বারবার বৈঠক হয়েছে, কাজ চলছে, সিবিআই-সুপ্রিম কোর্ট দেখছে। আপনারা থ্রেট কালচারের অংশ হয়ে উঠে কাজ বন্ধের হুমকি দিয়ে রাজনীতি করবেন না”।

আরও পড়ুনঃ ‘আমার বোবা মেয়েটাকেও ছাড়ে নি’, পুজোর চাঁদা চেয়ে জুলুমবাজির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে, ব্যবসায়ীকে বেধড়ক মারধর, স্ত্রী-কন্যাকে শ্লীলতাহানি

কুণালের এই আর্জির পাল্টা জবাব দেন জুনিয়র চিকিৎসকরা। তাদের কথায়, “মুখ্যমন্ত্রী ছাড়া আর কারোর কথা শুনতে বা উত্তর দিতে আমরা রাজি নই। আমরাও চাই না এত বড় পদক্ষেপ করতে। কিন্তু বাধ্য হচ্ছি। মুখ্যমন্ত্রী কেন মুখ খুলছেন না। আমরা আজ ন্যায়যাত্রা করব”।   

RELATED Articles