পঞ্চায়েত নির্বাচনের জের! শুভেন্দুর গড়ে বিশেষ দায়িত্ব পেলেন কুণাল, বিরোধী দলনেতা কী তবে ত্রাস হয়ে উঠছে তৃণমূলের কাছে?

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এছাড়াও রয়েছে হলদিয়া পুর নির্বাচন। এর আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে বিশেষ দায়িত্ব পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। হলদিয়া (Haldia) ও সংলগ্ন এলাকায় জেলা ও ব্লক কমিটির সঙ্গে সমন্বয় রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে কুণালকে। আজ, মঙ্গলবার থেকেই কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এই কারণে এদিন সকালেই নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন তৃণমূল মুখপাত্র।

নতুন এই দায়িত্ব পাওয়া প্রসঙ্গে কুণাল বলেন, “আমাদের হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে সংগঠনের যাঁরা সংগঠক, নেতা, পদাধিকারী, জন প্রতিনিধি সকলেই রয়েছেন। সকলেই খুব ভাল কাজ করছেন। আমাদের দলে আপাতত পর্যবেক্ষক বলে কোনও পদ নেই। আমাকে মূলত হলদিয়া-সহ কিছু জায়গা একটু বেশি সময় দিয়ে যাঁরা কাজ করছেন তাঁদের সহযোগিতা করতে বলা হয়েছে। সেই ভূমিকাই আমি পালন করব”।

তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শাসক দলের ত্রাস হয়ে উঠছেন। নাহলে শুভেন্দুর গড়ে আলাদা করে দায়িত্ব দেওয়া কেন? এই প্রসঙ্গে কুণালের বক্তব্য, “কে শুভেন্দু? এসব কোনও বিষয়ই নয়। আসলে কিছু কিছু এলাকা আছে যেখানে কেউ কেউ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মিথ্যাচার, বাহুবল, চক্রান্ত করার চেষ্টা করছে। সেসবের মধ্যেও আমাদের সংগঠকরা তো খুবই ভাল কাজ করছেন। আমার নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটুকু নির্দেশ দিয়েছেন, সেটাই পালন করব মাত্র”।

জানা যাচ্ছে, আপাতত দু-তিনদিন সেখানেই থাকবেন কুণাল। সেখানেই তাঁর থাকার জন্য বাড়ির ব্যবস্থা করা হয়েছে। কুণাল এও জানান যে এখন থেকে যেহেতু সপ্তাহের অর্ধেক দিন তাঁকে সেখানেই থাকতে হবে, তাই বাড়িতে গৃহপ্রবেশের পুজোও করবেন তিনি।

অন্যদিকে আবার আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে মহিলা তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি। এছাড়াও, আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও। এমন সময় কুণাল ঘোষকে হলদিয়া ও সংলগ্ন এলাকায় দায়িত্ব দিয়ে তৃণমূল যেন কার্যত বুঝিয়ে দিল যে পঞ্চায়েত নির্বাচনের আগে ঘাসফুল শিবির কোনও ফাঁক রাখতে চায় না।

কুণাল ঘোষের দায়িত্ব বৃদ্ধি নিয়ে বিজেপির তরফেও নানান মন্তব্য করা হয়েছে বটে। বিজেপি নেতা রাহুল সিনহা এই প্রসঙ্গে বলেন, “এটার কোনও গুরুত্বই নেই। কুণাল ঘোষের কোনও সাংগঠনিক দক্ষতা আছে? আজ পর্যন্ত কোনও সাংগঠনিক দায়িত্ব নিয়েছেন বা কোনও সাংগঠনিক সফলতা আনতে পেরেছেন? যিনি মানুষের জন্য কাজ করেননি, মানুষের সঙ্গে যুক্ত নন, এরকম একজন কোথায় দায়িত্ব পেলেন বা না পেলেন কিছুই আসে যায় না”।

RELATED Articles