‘এবার আমাদের দম দেখাব’, মন্তব্যের কারণে ক্ষমা চান নি দিলীপ ঘোষ, এবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন কুড়মি আন্দোলনকারীরা

উত্তাপ উত্তরোত্তর বেড়েই চলেছে। কুড়মি আন্দোলনকারীদের একাংশের উদ্দেশে বেফাঁস মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন কুড়মি আন্দোলনকারীরা। কিন্তু দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনও অন্যায় করেন নি তাই ক্ষমাও চাইবেন না। এদিকে, কুড়মি আন্দোলনকারীরাও নিজেদের দাবীতে অনড়। আজ, বুধবার দিলীপ ঘোষের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা।

এই তথ্য নিশ্চিত করে সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, “কুড়মিদের নিয়ে কুমন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এ নিয়ে ওনার দলের রাজ্য সভাপতি ক্ষমা চাওয়ার কথা বললেও দিলীপ ঘোষ কোনও বার্তা দেননি। এই পরিস্থিতিতে ওনার ঘরেই যাবে আদিবাসী কুড়মি সমাজের নেতাকর্মীরা। আমাদের কত দম আছে দেখাব। আমি নিজেও এই কর্মসূচিতে থাকব”। জানা গিয়েছে, আজ, বুধবার দুপুয়রের দিকেই দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও হবে।

উল্লেখ্য, গতকাল, মঙ্গলবার কুড়মি আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু দিলীপ নিজের সিদ্ধান্তেই অনড়। তাঁর কথায়, “ওরা আমার রাস্তা ঘেরাও করেছে। আমার বাড়ি এসেছে”। তাঁর আরও অনুমান, কুড়মি আন্দোলনকারীরা যে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করেছে, তাতে তৃণমূলের যোগসাজশ রয়েছে।

গতকাল, মঙ্গলবার এই কুড়মি আন্দোলন নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “কুড়মি আন্দোলনকে বিপথগামী করার চেষ্টা চলছে। বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার অজিত মাহাতো, রাজেশ মাহাতোর মতো কুড়মি নেতাদের কাছে আবেদন, তাঁরা যেন এটাকে মাওবাদী আন্দোলন, আদিবাসী আন্দোলনের দিকে নিয়ে যেতে না দেন। ওখানে আন্দোলনকারীরা তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে গত পঞ্চায়েতে নেতা হয়ে গিয়েছিল। তাহলে কুড়মি সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তাঁরা যেন এটা মাথায় রাখেন”।

বলে রাখি, গত সোমবার কুড়মি আন্দোলনকারীদের উদ্দেশে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছিলেন, তাতে কার্যত বিক্ষোভের আঁচ লাগে জঙ্গলমহলে। কুড়মিদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। কুশপুতুল জ্বালানো হয়। ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয় দিলীপ ঘোষকে ক্ষমা চাওয়ার জন্য। তা না হলে বিজেপি নেতার বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়।

RELATED Articles