পূর্বাভাস মতোই মঙ্গলবার রাত থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবার ভোরবেলা পর্যন্ত কখনও বিক্ষিপ্তভাবে কখনও মুষলধারে বৃষ্টি হয়েছে। কলকাতা ও একাধিক এলাকায় মেঘলা আকাশ।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়ার এই পরিবর্তন। তাতেই অকাল বৃষ্টির পরিস্থিতি। ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে অক্ষরেখা, জলীয় বাষ্পকে উপরে উঠতে সাহায্য করছে। নিম্নচাপ অক্ষরেখাটি ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জেরে আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার এই পরিস্থিতি বজায় থাকতে পারে সবকটি জেলাতেই। শুক্রবার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। বুধ বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






