খিচুড়ির মধ্যে পড়ে টিকটিকি, মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ১২ শিশু, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

মিড ডে মিলের খাবার নিয়ে নানান সময় নানান অভিযোগ শোনা গিয়েছে। কখনও মিড ডে মিলের খাবারে মিলেছে পোকা, কখনও সাপ। এবার ঘটল তেমনই এক ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে হল বিষক্রিয়া। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১২ জন শিশু। প্রাথমিক অনুমান, খাবারে টিকটিকি পড়ার কারণে খাবারে বিষক্রিয়া হয়েছে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের উপর নির্ভর করে থাকে এলাকাত মহিলা ও শিশুরা। সোমবার সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না হয়েছিল। সেই খিচুড়ি খায় শিশুরা। আর এরপর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে তারা।

জানা গিয়েছে, এই শিশুদের মধ্যে প্রায় সকলের বয়স ২-৩ বছরের মধ্যে। তাদের কারোর শুরু হয় পেট ব্যাথা তো কারোর শুরু হয় পায়খানা, বমি। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তাদের। এরপরই ১২ জন শিশুকে ভর্তি করা হয় সরবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আপাতত তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

কেন হল এমন বিষক্রিয়া?

জানা গিয়েছে, এক অভিভাবক দেখেন যে ওই মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি পড়েছিল। সেই থেকেই বিষক্রিয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খুব অপরিষ্কার। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয়, সেই কারণেই এমন ঘটনা ঘটেছে।  

এই বিষয়ে আইসিডিএস প্রকল্পের স্থানীয় আধিকারিক নীলাঞ্জন মুখোপাধ্যায় জানান, “বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখে ব্যবস্থা নেব”।

RELATED Articles