মাসের শুরুতেই চরম ভোগান্তি। সপ্তাহান্তে শনি ও রবিবার শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল। রেলের তরফে বিস্তারিত জানিয়ে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে , আগামী ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে দমদম স্টেশনে। ফলে ওই চারদিন ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে। শনি এবং রবিবার একাধিক ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত দমদম স্টেশনে নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের জন্য শিয়ালদহ শাখায় বিভিন্ন ট্রেনের সময় এবং গতিপথও পরিবর্তন করা হয়েছে। এই দিনগুলিতে কোন কোন ট্রেনগুলি চলবে, এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে রেলের ওয়েবসাইট বা নিকর্টবর্তী রেল স্টেশনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী শনিবার ১৬৩টি লোকাল ট্রেন বাতিল সঙ্গে ছটি এক্সপ্রেস ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
শনিবার বাতিল করা হয়েছে বনগাঁ, হাবড়া, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট,রানাঘাট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙা, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর, ব্যারাকপুর আপ ও ডাউন ট্রেন।
রবিবার শিয়ালদহ থেকে বাতিল হয়েছে দত্তপুকুর, নৈহাটি, ব্যারাকপুর, বর্ধমান, কাটোয়া, রানাঘাট, হাসনাবাদ, হাবড়া, ডানকুনি, গোবরডাঙা আপ ও ডাউন ট্রেন ।
শনিবার বাতিল এক্সপ্রেস ট্রেনগুলি হল শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস । রবিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-সিউড়ি মেমু।





