দেশজুড়ে আজই তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে এবং কাল থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। কিন্তু রাজ্যে এখনও চতুর্থ দফার লকডাউনের গাইডলাইন এসে পৌঁছায়নি। তাই কেন্দ্রের নির্দেশিকা না আসা অবধি লকডাউন ৩.০ এর যাবতীয় বিধিনিষেধই জারি থাকবে বলে রবিবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট করা হয়েছে।
সম্প্রতি জনতার উদ্দেশ্যে ভাষণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন যে চতুর্থ দফার লকডাউন এক নতুন রং রূপে মানুষের সামনে আসতে চলেছে। চতুর্থ দফার লকডাউনে অনেক ক্ষেত্রেই ছাড় দিতে চলেছে কেন্দ্র। তবে সেই সংক্রান্ত নির্দেশিকা এখনো অবধি পৌঁছয়নি রাজ্যগুলির কাছে। ফলে পুরনো বিধিনিষেধই জারি থাকবে বলে জানানো হয়েছে টুইটে। টুইটে আরও বলা হয়েছে, নির্দেশিকা এলেই সোমবার বিকেল থেকে নতুন নিয়ম জারি হবে।
সূত্রের খবর, চতুর্থ দফার লকডাউনে কোথায় লকডাউন কড়া ভাবে মানা হবে আর কোথায় শিথিল করা যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার অনেকখানি অধিকারই রাজ্য সরকারের কাছে ছাড়া হতে পারে। রাজ্যের বিভিন্ন জেলার সংক্রমনের পরিসংখ্যান বিবেচনা করেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে গণপরিবহণ ব্যবস্থাও সক্রিয় হতে চলেছে এই পর্বে। তবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশ ইতিমধ্যেই জারি করেছে রেল।
উল্লেখ্য চতুর্থ দফার লকডাউনে বাস ও ট্যাক্সি চালানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সঙ্গে খুলবে দোকানও। তবে এইমুহূর্তে স্কুল খোলার সম্ভাবনা নেই।





