লোকসভা নির্বাচন দোরগোড়ায়। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যেই জোরকদমে চলছে প্রচার। কেউ কাউকে রেয়াত করছেন না একে অপরকে শানানোর দিক থেকে। ভোটের মুখে নানান প্রতিশ্রুতিও শোনা যাচ্ছে নানা প্রার্থীদের মুখে। এবার ফের উঠে এল সিঙ্গুর প্রসঙ্গ। নির্বাচনী প্রচারে গিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) প্রতিশ্রুতি দিলেন, তারা ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনবেন। তা শুনে রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) কটাক্ষ, “উনি স্বপ্ন দেখছেন”।
সিঙ্গুরের বেড়াবেড়িতে ভোটের প্রচারে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বেশ কয়েকদিন ধরেই সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে রাজ্য সরকারকে বিঁধতে শোনা যাচ্ছে তাঁকে। এবার বেড়াবেড়িতে গিয়েও সেই প্রসঙ্গই তোলেন তিনি। লকেটের প্রতিশ্রুতি, “সিঙ্গুরের ক্ষেত্রে টাটারা এখনও একশো শতাংশ আগ্রহী। আমরা ক্ষমতায় এলে টাটাকে ফিরিয়ে নিয়ে আসব”।
শাসক দলকে নিশানা করে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, “পরিবেশগতভাবে বাংলায় শিল্পের পরিবেশ আছে। কিন্তু সিন্ডিকেটবাজি, তোলাবাজি এবং তৃণমূলের দুর্নীতির কারণে কোনও শিল্প আসতে পারছে না এ রাজ্যে। যুবকদের চাকরি নেই বলে তাঁরা পরিবার তৈরি করতে পারছেন না। এ কথা গ্রামের মহিলারাই জানাচ্ছেন। আমরা চাই, সিঙ্গুরে শিল্প আসুক, ছেলেরা কাজ পাক, পরিবার তৈরি হোক এবং বাড়িতে মা লক্ষ্মী আসুক”।
লকেটের এহেন প্রতিশ্রুতির পাল্টা দিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “পাঁচ বছর আগেও টাটাকে আনার কথা মনে পড়ল না। হঠাৎ ২০২৪ সালে এসে মনে পড়ল? রাতে মনে হয় স্বপ্ন দেখেছে টাটাকে নিয়ে”। এই দুই প্রার্থীর মন্তব্য-কটাক্ষের মাঝে পড়ে বেশ বিরক্ত সিঙ্গুরবাসীরা। তাদের অনুযোগ, ভোট এলেই শুধু সিঙ্গুরের কথা মনে পড়ে রাজনৈতিক নেতানেত্রীদের। তারপর আবার যে কে সেই!
প্রসঙ্গত, রাজ্য থেকে টাটারা বিদায় নিয়েছে ১৬ বছর পেরিয়ে গিয়েছে। তবুও ভোটের মধ্যে বারবার উঠে আসে সিঙ্গুর প্রসঙ্গ। বিরোধীদের দাবী, সিঙ্গুরের যে জমিতে টাটারা প্রকল্প গড়ে তুলছিল, তা গুজরাতে সরে যাওয়ায় সিঙ্গুরের সেই জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। শিল্প তো হয়ই নি, আর চাষবাসও হচ্ছে না। অন্যদিকে আবার শাসক দলের দাবী, জমি দিতে যেসব কৃষকরা অনিচ্ছুক ছিলেন, তাদের সেই জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে।





