লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই আরও বেশি উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। নানান সময় নানান ঘটনায় একে অপরকে দুষছে শাসক ও বিরোধীরা। এই ভোটের আবহের মধ্যেই এবার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) গাড়িতে হল হামলা। আর সেই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
কী ঘটেছিল ঘটনাটি?
জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে হুগলির বাঁশবেড়িয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় একটি কালীপুজোয় অংশ নিতে যাচ্ছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ওই এলাকায় তাঁর গাড়ি ঢুকতেই তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। তাঁর গাড়িকে এগতে বাধা দেওয়া হয়। কালো পতাকাও দেখানো হয় বলে জানা গিয়েছে। গাড়ির চারিদিকে ঘিরে হামলা করতে থাকেন দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ।
এই ঘটনায় বিজেপির আহ্বায়ক সুবীর নাগ জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন বলে খবর। বিজেপি প্রার্থীর অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছেন বাঁশবেড়িয়ার উপপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, “অন্যান্য দিনের মতোই আমি আমার প্রচারে বেরিয়েছিলাম। রাতের দিকে বাঁশবেড়িয়া কালীতলায় একটি কালীপুজোতে যাচ্ছিলাম। তখন দেখি কিছু লোক বাঁশে কালো পতাকা লাগিয়ে এগিয়ে আসছে। তাঁরা গালাগালি দিতে থাকে। সঙ্গে গো ব্যাক স্লোগান দিতে থাকে। আমার গাড়ি যত এগোতে থাকে তাঁদের দাপাদাপি বাড়তে থাকে। গাড়ির চারদিক ঘিরে গাড়িতে মারতে থাকে। আমি একটা ভিডিও করছিলাম। সেটাও বন্ধ করে দিই। একজন গাড়িতে ওঠারও চেষ্টা করে। বিরাট ষড়যন্ত্রের চেষ্টা ছিল”।
অন্যদিকে, ঘটনা সম্পর্কে বাঁশবেড়িয়ার উপপুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়ের দাবী, “কিছু লোক কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন। তা সরাতে গেলে লকেটের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধাক্কা দেন। তাঁরই আঘাত লাগে”।






