তিন বছর পর ‘ঘরের ছেলে’ আবার ঘরে ফিরেছে। আর প্রত্যাবর্তনের পরই বিজেপির (BJP) বিরুদ্ধে নানান ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এই গত তিন বছরে জগদ্দল, ভাটপাড়া, ব্যারাকপুরে কী কী হয়েছে, তা নিশ্চয়ই তিনি এখনও ভুলে যান নি।
জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে যে কতবার বোমাবাজির ঘটনা ঘটেছে, তার হিসাব নেই। তবে এবার মদন মিত্র সাফ জানিয়ে দিলেন যে অর্জুন যেহেতু এখন তৃণমূলে রয়েছেন, তাই তাঁর বাড়ির সামনে আর বোমা পড়বে না। আর মদনের এমন মন্তব্যের জেরে এবার রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল পড়েছে।
গতকাল, সোমবার অর্জুনকে তৃণমূল পার্টি অফিসে ডেকে সংবর্ধনা জানানো হয়। সেখানে ছিলেন মদন মিত্র। ছিলেন রাজ্যের তিন রাজ্যের তিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু। আর সকলের সামনেই মদন বলে যান, “অর্জুন এখন তৃণমূলের নেতা। তাই ওর বাড়ির সামনে আর বোমও পড়বে না। আর যদি পড়ে, তাহলে প্রথম যে কয়েকজন ছুটে যাবে তার মধ্যে একজন মদন মিত্র”।
অর্জুন যতদিন বিজেপিতে ছিলেন, ততদিনে একাধিকবার তাঁর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। আর প্রত্যেকবারই তিনি অভিযোগ করেছেন যে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। এখন প্রশ্ন উঠছে, তাহলে সেই অভিযোগই কি ঠিক? সত্যিই তবে কী তৃণমূলই অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি করত?
মদন মিত্র এদিন যখন এমন মন্তব্য করছেন, সেই সময় চূড়ান্ত অস্বস্তির ছাপ লক্ষ্য করা গেল অনুষ্ঠানে উপস্থিত তিন মন্ত্রীর মুখে। মদন যেন একরকম ঘুরিয়ে এটাই বলে দিলেন যে অর্জুনের বাড়ির সামনে তৃণমূলই বোমাবাজি করত। তবে এখন যখন অর্জুন তৃণমূলেই রয়েছেন, তাই সেসব আর হবে না।
বলে রাখি, চলতি বছরের জানুয়ারি মাসেই এক টেলিভিশন চ্যানেলে অর্জুন ও মদনের বাকবিতণ্ডার জেরে বেশ হইচই পড়েছিল। একদিকে চিৎকার করে অর্জুন মদনের উদ্দেশে বলেছিলেন, “মাতাল, সারদার জেল খাটা আসামী” আরও কত কী! আর অন্যদিকে এর উত্তর দিয়ে মদন সেই লাইভ অনুষ্ঠানে বেশ হুমকির সুরেই বলেছিলেন, “শোন অর্জুন, তোকে যেতে হয় বিটি রোড দিয়ে। বেশি বাড়াবাড়ি করিস না, নামিয়ে দেব”।
আর এখন সেই অর্জুনের গলাতেই গোলাপের মালা পরিয়ে তাঁকে বুকে টেনে নিলেন মদন। বললেন, অর্জুনের বাড়ির সামনে আর বোমাবাজি হবে না।





