সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi by-election) তৃণমূলের হারের জন্য দায়ী দলেরই অন্তর্ঘাত। এমনটাই দাবী করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি এও বলেন যে যেই চক্রান্ত করুন না কেন, কাউকে রেয়াত করবে না দল।
কিছুদিন আগেই উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে সাগরদিঘিতে। সেখানে খুব ভালো ফল করেছে কংগ্রেস। তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে হারিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে এমন জয় একদিকে যেমন কংগ্রেস ও বামেদের মনোবলকে বেশ চাঙ্গা করেছে, তেমনই আবার অন্যদিকে বিরোধীদের এই জয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ব্যাপক ব্যবধানে জিতেছিল তৃণমূল। কিন্তু উপনির্বাচনে এই হারের কারণ নিয়ে কাটাছেড়া শুরু করেছে তৃণমূল। এবার এই নিয়েই এবার মন্তব্য করলেন মদন মিত্র।
কামারহাটির বিধায়ক বলেন, দলের মধ্যেই শত্রু লুকিয়ে রয়েছে। তাঁর কথায়, “দলের মধ্যেই চক্রান্ত চলছে। কিন্তু কাউকেই রেয়াত করা হবে না, সে তিনি যত বড় নেতাই হোন না কেন”। তবে বিরোধীরা মদন মিত্রের এই অন্তর্ঘাত তত্ত্বকে গুরুত্ব দিচ্ছে না। এসব যুক্তির মতোই তৃণমূলও মানুষের কাছে অপ্রাসঙ্গিক, এমনটাই দাবী বিজেপি নেতা শমীক লাহিড়ির।





