‘মাথায় উকুন হয়েছিল বলে ন্যাড়া হয়েছেন’, কৌস্তভের মাথা কামানো নিয়ে কটাক্ষ কামারহাটির তৃণমূল কাউন্সিলরের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গদিচ্যুত করার শপথ নিয়ে মাথা কামিয়েছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি (Kaustav Bagchi)। মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারানো পর্যন্ত তিনি মাথায় চুল রাখবেন না বলে জানিয়েছেন। এবার এই ঘটনা নিয়ে কৌস্তভকে নানান কটাক্ষ শানালেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই (TMC Councilor Nirmala Rai)। তাঁর কথায়, “মাথায় উকুন হয়েছিল। উকুন সারাতে মাথা ন্যাড়া করেছেন কৌস্তভ বাগচি”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করার জন্য পুলিশ গ্রেফতার করে কৌস্তভ বাগচিকে। ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে প্রকাশ্যেই মাথা ন্যাড়া করে মমতাকে হারানোর পন নেন তিনি। এই ঘটনা নিয়ে কৌস্তভকে তোপ দাগলেন তৃণমূল কাউন্সিলর। নির্মলা রাই তাঁর এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন। সেখানে তিনি ও তাঁর অনুগামীরা ঘোল তৈরি করেন। আর সেই ঘোল এক ন্যাড়া মাথার যুবকের মাথায় ঢালেন তারা। কৌস্তভের ন্যাড়া মাথায় ঘোল ঢালার প্রতীকী হিসেবে এই কাজ করেছেন তারা।

এই বিষয়ে নির্মলা রাই বলেন, “ওনার মাথায় উকুন ছিল তাই উকুন সরাতে ন্যাড়া হয়েছেন কৌস্তভ বাগচী। নিজের প্রচার করতে দিদিকে নিয়ে অপপ্রচার করছেন তিনি”। এরপরই কৌস্তভকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কাউন্সিলর বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ৩২টি সেলাই আছে। তুমি তোমার মাথায় ৪০টি সেলাই ফেলে আসো। তার পর বুঝবো তুমি একজন ব্যক্তি”।

ন্যাড়া মাথা এক ব্যক্তির মাথায় ঘোল ঢেলে কৌস্তভকে কটাক্ষ করেন ওই তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। তারা স্লোগান দেয়, “দিদির জন্য খেলো দোল, ন্যাড়া মাথায় ঢালো ঘোল”। অন্যদিকে আবার নাম না করে কৌস্তভকে নিশানা করে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, “ন্যাড়া মাথা ন্যাড়াই রয়ে যাবে। টাকে কোনদিন চুল গজাবে না। মমতা ব্যানার্জি কে কোনদিন বদলানো যাবে না”। 

তৃণমূল কাউন্সিলরের এমন কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন কৌস্তভও। তিনি বলেন, “তৃণমুল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গিয়েছে। কাল থেকে আমার বিপুল জন সমর্থন দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই মানুষকে ভুল বোঝানোর জন্য যা খুশি করছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে ঘোলটা যুবরাজের মাথায় গিয়ে ঢাললে ভালো হত”।

আরও অন্যান্য খবর