আগামী মাসের ৮ তারিখ পঞ্চায়েত নির্বাচন। এর আগে মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিয়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। ভাঙড়, চোপড়া, ক্যানিংয়ে মুড়িমুড়কির মতো হয়েছে বোমাবাজি। এমন আবহে এবার ৮ই জুলাই ‘ভয়ঙ্কর খেলা’র ডাক দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর সেই মন্তব্যের জেরে দানা বেঁধেছে বিতর্ক।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। জায়গায় জায়গায় চলেছে সভা-মিছিল। এমনিতেই মাঝেমধ্যে নানান বেফাঁস মন্তব্য করে বিতর্কের মাঝে পড়ে যান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। গতকাল, বৃহস্পতিবারও তেমনই হল।
এদিন মদন বলেন, “বিজেপি, সিপিএম কংগ্রেস আমার নাম মনে রাখবে। যতই কেন্দ্রীয় বাহিনী আনো শেষের দিন ভয়ঙ্কর। ৮ জুলাই খেলা হবে। জান প্রাণ লাগিয়ে খেলা হবে। খেলতে গিয়ে যদি প্রাণ যায় তো যাবে। কিন্তু শত্রুদের হাতে তৃণমূলের পবিত্র পতাকা ছেড়ে পালাব না”।
তাঁর এহেন মন্তব্যে স্বভাবতই বেশ শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে। বিজেপি নেতা রাহুল সিনহা এই প্রসঙ্গে বলেন, “হিংসা ছাড়া তৃণূমলের বাঁচার রাস্তা নেই। তাই ওরা এসব বলছে। তবে ওদের খেলা এখন নিজেদের মধ্যে। তাতে জিতলে তারপর তো বিরোধীদের সঙ্গে খেলবে”।
উল্লেখ্য, মনোনয়নকে কেন্দ্র করে এমনিতেই উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। বৃহস্পতিবারই শেষ হয়েছে মনোনয়ন পর্ব। শেষ দিনেও উত্তপ্ত ছিল ভাঙড়। ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আইএসএফ প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়। সঙ্গে চলে গুলি। এদিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই আইএসএফ কর্মীর। পুলিশের সামনেই চলে বোমা-গুলি। আর এমন আবহে তৃণমূল নেতার এহেন মন্তব্যের সমালোচনা করা হয়েছে।





