গত দেড় বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে নানান বিতর্ক চলছে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই সামনে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয়টিও। এই নিয়ে নানান পুরসভায় তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি হানা দেয় ইডি। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি।
গতকাল, রবিবার সাতসকালেই সিবিআইয়ের হানা পড়ে রাজ্যের পুর মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও কামারহাটি বিধায়ক মদন মিত্রের বাড়ি। সেখানেও প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি। সকালে সিবিআইয়ের হানার পর বিকেলে রাজভবনের সামনে তৃণমূলের ধর্না মঞ্চ দেখা যায় মদন মিত্রকে।
কী জানালেন মদন?
তবে সিবিআইয়ের এই অভিযান নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। তিনি জানান, সিবিআই কর্তারা নাকি তাঁর বাড়ি গিয়ে চুটিয়ে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখেছে। এমনকি, কোহলি ক্যাচ ধরতেই তারা লাফিয়েও ওঠেন, এমন মন্তব্যও করেছেন তিনি।
অভিষেকের কী বক্তব্য?
মদনের এহেন মন্তব্যের পর ওই ধর্না মঞ্চ থেকে অভিষেক বলেন, “রথীনদাকে জিজ্ঞেস করেছিলাম, ইডি কী করছিল এতক্ষণ? রথীনদা বললেন, আমার খাটে ইডি অফিসাররা ঘুমোচ্ছিলেন। আমি বললাম সে কি তোমার খাটে অফিসাররা ঘুমোচ্ছিলেন? রথীনদা বললেন, হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে গেলে তো ভাববে কিছুই পায়নি”।
ফিরহাদ ও মদনের বাড়ি সিবিআই হানা প্রসঙ্গে অভিষেক বলেন, “কখনও ইডি পাঠিয়ে, কখনও সিবিআই পাঠিয়ে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। আর বেচারা ইডি-সিবিআই, সকালে যার বাড়ি যাচ্ছে বিকেলে সে ধর্না মঞ্চে চলে আসছে”।





