দুর্গাপুজোর আর বেশিদিন বাকি নেই। ঢাকে কাঠি পড়ল বলে। আর এর মধ্যেই আবহাওয়া নিয়ে খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আপাতত কালো মেঘের ঘনঘটা কেটেছে। কালো মেঘ দূরে সরিয়ে দক্ষিণবঙ্গের আকাশে দেখা মিলল শরতের ঝকঝকে পরিষ্কার আকাশের। বর্ষা বিদায় নিতে চলেছে খুব তাড়াতাড়ি।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির কমে বাড়বে তাপমাত্রা ফলে জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী বুধবার পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় সামান্য বদল আসতে পারে।
চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টি প্রায় হবে না বললেই চলে। এর ফঅলে পুজোর শেষ মুহূর্তের শপিংয়ে কোনও বাধা পড়বে না। আজ, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৪ থেকে ৯৫ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গে দুর্যোগের ফাঁড়া কাটলেও উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে তেমন স্বস্তি এখনই মিলবে না। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সোমবার ও মঙ্গলবার। এছাড়াও আগামী ২-৩ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের ৫ জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।






