‘ঘরছাড়াদের কী তৃণমূল কর্মীরা নিজেদের বউয়ের সঙ্গে শুইয়ে দেবে?’, বিজেপির ঘরছাড়াদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য মদন মিত্রের

নানান সময় নানান ধরণের মন্তব্য করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। কখনও নিজের অদ্ভুত কথা বলার ভঙ্গি, কখনও নিজের গান নিয়েও নানান সময় বিতর্কে জড়ান তিনি। কিছুদিন আগেই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় তাঁর ছবি ভাইরাল হয়। এই নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিয়ে।

দু’দিন আগে হুগলীর বলাগড়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবী করেছেন যে বলাগড়ের বিজেপির ঘরছাড়াদের তৃণমূল নিজেদের ঘরে ঢুকতে দিচ্ছে না, এই বিষয়ে তাঁর কী মত!

এর জবাবে মদন মিত্র বলেন, “তাদের কী তৃণমূল নিজেদের বউয়ের সঙ্গে শুইয়ে দেবে? অতটা পারব না। বিজেপি চাইছে ওদের যারা ঘরে ঢুকতে পারছে না, তাদের তৃণমূলের বউয়ের সঙ্গে ঘরে শুইয়ে দিতে”।

তৃণমূলের এই ‘রঙিন’ নেতার মুখে এমন মন্তব্য শুনে স্বভাবতই বেশ শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একজন রাজনৈতিক নেতা এই ধরণের কুরুচিকর মন্তব্য কীভাবে করতে পারেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তৃণমূল সবসময় বাংলার শিক্ষা-সংস্কৃতি নিয়ে কথা বলে। তাদের মতে, বিজেপি বহিরাগত, তারা বাংলার সংস্কৃতি মানে না, তাহলে বাংলার নেতা হয়ে মদন মিত্র যখন এমন কদর্য মন্তব্য করলেন, সেই সময় তৃণমূল নেতৃত্ব কেন চুপ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

মদন মিত্রের এমন মন্তব্য শুধুমাত্র তৃণমূলের নেতাদের স্ত্রীই নয়, গোটা মহিলা জাতির পক্ষে অসম্মানজনক। এমন মন্তব্যের জেরে তৃণমূলের এই ‘রঙিন’ বিধায়কের বিরুদ্ধে কী আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রশ্নও তোলা হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যিনি মহিলাদের জন্য নানান প্রকল্প এনেছেন, মহিলাদের নিয়ে এমন মন্তব্যের জন্য তিনি আদতে তাঁর দলের নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন কী না, সেটাই এখন দেখার।

RELATED Articles