আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। তবে এর আগেই মুক্তি পেতে চলেছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের মিউজিক ভিডিও। গত ১৫ই সেপ্টেম্বর এই মিউজিক ভিডিওর শুটিং হয়। ছিলেন অভিনেত্রী পায়েল সরকার ও মানসী সেনগুপ্ত। এই শুটিংয়েই নানান অবতারে দেখা গেল মদন মিত্রকে।
মমতা বন্দ্যোপাধ্যায় তো আগে বলেই দিয়েছেন যে ‘কালারফুল মদন’। আর শুটিংয়েও তাঁকে সেই কালারফুল অবতারেই দেখা গেল। কখনও তৃণমূল বিধায়কের দেখা মিলল মহিলা সহ-নৃত্যশিল্পীদের সঙ্গে নাচ করতে। পরনে তাঁর ধুতি-পাঞ্জাবী, তার বুকে কাজ করা, হাতে সোনার কব্জি বদ্ধ। কখনও বা আবার তিনি ধরা দিলেন মাথায় টুপি পরে, রংচঙে শার্টে। চোখে তাঁর রোদ চশমা।


আবার কখনও খালি গায়ে নামাবলী পরে শ্বেত সিংহাসনের সামনে পুজো দিতেও দেখা গেল মদন মিত্রকে। কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, “দিদি আমাকে পাড়ায় পাড়ায় ঘুরতে বলেছেন। তাই করছি। তবে আমরা কে? উনিই তো হাত ধরে আমাদের এই জায়গায় এনেছেন। উনি আজ যেখানে গিয়েছেন, আমি ২ দিন আগেই সেই গুরদ্বারে গিয়ে সব শিখের হাতে জোড়া ফুল তুলে দিয়ে এসেছি”।
তবে শুধুমাত্র ভবানীপুর জয়ের মাধ্যমেই কাজ শেষ হয়ে যাচ্ছে না। এদিন মদন মিত্র গানের ছলে বলেই দিলেন যে তাঁর দলের আসল লক্ষ্য যে ২০২৪-এ দিল্লির মসনদ দখল। মদন মিত্র বলেন, “ভবানীপুর কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি। মমতার হাত ধরে সামনে হাঁটি। লাগ লাগ লাগ লাগ বিজেপির লেগে গেছে দাঁত কপাটি। ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া”।
এর আগে একুশের বিধানসভা নির্বাচনের আগেও মদন মিত্রের একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। আবার মদন মিত্রের বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়েছে। সেই ছবির পরিচালনা করছেন রাজা চন্দ। তবে এর আগে ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে প্রকাশিত হতে চলেছে মদন মিত্রের মিউজিক ভিডিও। ২১শে সেপ্টেম্বরই মুক্তি পাবে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই নতুন মিউজিক ভিডিও।





