আজ থেকেই শুরু হয়ে গেল ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষা শুরু হওয়ার প্রথম দুই ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পর্ষদ। এছাড়াও পরীক্ষার হলে মোবাইল নিষিদ্ধ-র মতো পর্ষদের কড়া পদক্ষেপের পরেও আটকানো গেল না মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা।
আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গত বছরের মতোই স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে যায় বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের দুটি পাতা। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। পরীক্ষা শেষে দেখা যায়, আজকের প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে ভাইরাল হওয়া প্রশ্নপত্রটি। জানা গিয়েছে, ২০২০-র মাধ্যমিক পরীক্ষার প্রথম প্রশ্ন ফাঁসের অভিযোগটি এসেছে মালদহ থেকে। বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের। এত কড়াকড়ির পরেও কিভাবে ঘটল এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পর্ষদ সভাপতি।





