আজ প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। পরীক্ষার ৮৮ দিনের মাথাতে ফলপ্রকাশ। আজ সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করলেন WBBSE এর চেয়ারম্যান।
এবারে মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন। ছাত্র পরীক্ষার্থী থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১২.৫৬% বেশি। অর্থাৎ ছেলেদের তুলনায় ১ লক্ষ ৩১ হাজার ৯৬১ জন বেশী ছাত্রী এবারের পরীক্ষায় বসেছিলেন। যদিও সাফল্যের হারে সামান্য পিছিয়ে রয়েছে ছাত্রীরা।
২০১৯ এর মাধ্যমিকে পাশের হার ৮৬.০৭ শতাংশ। যা এখনও অবধি মাধ্যমিকে সর্বোচ্চ পাশের হার। গতবার এই পাশের হার ছিল ৮৫.৪৯ শতাংশ৷ এর মধ্যের ছাত্রদের পাশের হার ৮৯.৯৭ শতাংশ, অপরদিকে ছাত্রীদের পাশের হার ৮২.৮৭ শতাংশ৷ এই বছরের মাধ্যমিকেও জেলাগুলির জয়জয়কার হলেও পাশের হারের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতাতে পাশের হার ৯২.১৩ শতাংশ।
এবারের মাধ্যমিকের কৃতি ছাত্র – ছাত্রীরা হলেন –
প্রথম হয়েছেন সৌগত দাস। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৪। তিনি পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র।
যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা এবং আলিপুরদুয়ারের ফালকাটা গার্সল হাইস্কুলের শ্রেয়সী পাল। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬৯১।
যুগ্মভাবে তৃতীয় হয়েছেন রায়গঞ্জ গার্লস হাইস্কুল থেকে ক্যামেলিয়া রায় এবং নদিয়া শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে প্রতীম মন্ডল। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬৮৯।
চতুর্থ হয়েছেন আলিপুরদুয়ারের বারবিশা হাইস্কুল থেকে অরিত্র সাহা। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৭।
পঞ্চম হয়েছেন যুগ্মভাবে হুগলি কলেজিয়েট হাইস্কুলের সুকল্প দে এবং মুর্শিদাবাদের গান্ধীরাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের রোহানা সুলতানা। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬৮৬।
এছাড়াও ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থান অধিকার করেছেন একাধিক জেলার একাধিক ছাত্র-ছাত্রীরা। প্রথম ১০ এ রয়েছেন মোট ৫১ জন৷






