আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জন্য এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা। সব পড়ুয়ারাই এই পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত থাকে। কিন্তু এর মধ্যেই ধরা পড়ল এই পড়ুয়ার অদ্ভুত কীর্তি। জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে পড়ল ছাত্র। ধরাও পড়ল হাতেনাতে।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠে। সেই স্কুলে মাধ্যমিকের সিট পড়েছিল ভদ্রকালী হাইস্কুলের। ওই অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের এক দশম শ্রেণীর ছাত্র মাধ্যমিকের টেস্টে পাশ করতে পারে নি। ফলে অ্যাডমিটও দেওয়া হয়নি তাকে। জানা গিয়েছে, নিয়মিত স্কুলেও যেত না ওই ছাত্র।
কিন্তু আজ, শুক্রবার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যায় ওই ছাত্র। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ডও দেখায়। সেই কার্ডে রোল নম্বরে কালি দেওয়া ছিল। অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে গিয়ে সেই বিষয়টি নজরে আসে পরীক্ষকের। বাকি পরীক্ষরদেরও ডেকে বিষয়টি দেখান তিনি। গোটা বিষয়টি খতিয়ে দেখেন সকলে।
এরপরই ভদ্রকালী হাইস্কুল কর্তৃপক্ষের তরফে ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেওয়া হয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয় এই ঘটনাটি। ভদ্রকালী স্কুলে আসেন অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায়। তিনি সেই অ্যাডমিট কার্ড পরীক্ষা করে বুঝতে পারেন যে সেটি আসলে জাল।
এরপর ছাত্রটিকে প্রশ্ন করা হলে নিজের দোষ স্বীকার করে সে। জানায়, সে আসলে টেস্টে পাশ করতে পারে নি। রোল নম্বরের ওপর ইচ্ছা করে সে পেনের কালি ফেলে দেয় যাতে ধরা না পড়ে। পরে ওই ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
কী জানাচ্ছেন প্রধান শিক্ষক?
এই ঘটনা প্রসঙ্গে অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, “ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। অ্যাডমিট কার্ড আসেনি। স্বাভাবিকভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা না। পরীক্ষা দিতে দেওয়া হয়নি”।
এই বিষয়ে হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ জানান, “ওই ছাত্র টেস্টে পাস করেনি।পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি”।





