কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্নায় বসেছেন তিনি। ডেডলাইন বেঁধে দেওয়া সত্ত্বেও যখন কাজ হয়নি, তখন রেড রোডে আজ, শুক্রবার থেকে অবস্থান বিক্ষোভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্না মঞ্চ থেকেই ইডিকে তুলোধোনা করলেন তিনি।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের ধর্না থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তুলোধোনা করলেন তিনি। মমতার বিস্ফোরক অভিযোগ, অভিষেক যখন জন্মায়নি, তখনই নোটিশ পাঠিয়েছে ইডি।
ঠিক কী বলেছেন মমতা?
এদিন রেড রোডের ধর্না মঞ্চ থেকে ফের একবার ইডিকে শানিয়ে মমতা বলেন, “বুঝুন! ২০০৩ সালের হিসাব চাইছে আমার কাছে। তখন এই দলটা শিশু। অভিষেককে একটা চিঠি দিয়েছে, সেই সময় অভিষেক জন্মায়নি। আমি কেন ২০০৩ সালের দায়িত্ব নিতে যাব? আমি ২০১১ সালের পর থেকে দায়িত্ব নেব”।
প্রসঙ্গত, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ড থেকে নিয়োগ দুর্নীতি, নানান মামলায় একাধিকবার অভিষেককে তলব করেছে ইডি। কয়েকবার হাজিরা এড়িয়েছেন বটে। কিন্তু হাজিরা দিয়েওছেন বেশ কয়েকবার। তৃণমূলের কর্মসূচি স্থগিত রেখেও ইডির দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছে অভিষেককে।
হাজিরা দেওয়ার পর ইডির দফতর থেকে বেরিয়ে আবার শানাতে শোনা গিয়েছে তদন্তকারী সংস্থাকে। সেই তলব নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, রাজনৈতিক উদ্দেশেই এভাবে বারবার তলব করা হয় অভিষেককে। আসলে অভিষেককে হেনস্থা করার চেষ্টা ছাড়া কিছুই নয়। আর এবার ধর্না মঞ্চ থেকে ফের একবার ইডির দিকে আঙুল তুললেন তৃণমূল সুপ্রিমো।





