আর তেল খরচের চিন্তা নেই, এবার জল ঢাললেই জ্বলবে প্রদীপ, কালীপুজোর বাজারে হু হু করে বিক্রি ‘ম্যাজিক প্রদীপ’

আর দু’দিন পরই কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। কালীপুজো বা দীপাবলির সময় ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ, মোমবাতি আবার রঙবেরঙের নানান লাইট। রাস্তা আলোকিত হয়ে ওঠে নানান লাইটে।

এই আলোর উৎসবের মেজাজে এবার চীনা লাইটে মজেছে শহরবাসী। বাজারে গেলে লাইটের ভ্যারাইটি দেখলে চমকে যেতে হয়। কলকাতার চাঁদনী মার্কেট তো বটেই, জেলায় জেলায় ব্যাপক হারে বিক্রি হচ্ছে রকমারি সব লাইট। নানান ধরণের ডিজাইন করা মাটির প্রদীপ, মোমবাতি, টুনি বাল্ব, হ্যাঙ্গিং চেন, সব মিলিয়ে আলোর বাজার একেবারে জমজমাট।

কোন লাইট সবথেকে বেশি মন কাড়ছে সকলের?

কেউ ভালোবাসেন মাটির প্রদীপ, তো কেউ আবার টুনি বাল্ব। তবে বিক্রেতাদের মতে, এবারে সবথেকে বেশি বিক্রি হচ্ছে ‘ওয়াটার এলইডি’। তা কিনতে বেশ ভিড় জমাচ্ছেন ক্রেতারা। স্টক শেষ যাচ্ছে বারবার। কেউ কেউ তো অনলাইনেও খোঁজ করছেন এই ‘ওয়াটার এলইডি’র। ১২টি প্রদীপের দাম পড়ছে মোটামুটি ৩০০ তাক মতো।

কী এই ওয়াটার এলইডি?

এই ওয়াটার এলইডি হল এক ধরণের প্রদীপ যা প্লাস্টিকের তৈরি মূলত। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল, এই প্রদীপ জ্বালাতে কোনও তেল খরচা হবে না। প্রদীপে জল ঢাললেই জ্বলে উঠবে সেই প্রদীপ। এই প্রদীপের সামনে লাগানো রয়েছে এলইডি লাইট। প্রদীপে শুধু জল ঢালার অপেক্ষা, তারপরই তা আলোকিত করবে ঘরদোর।  

 উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই কালীপুজোয় ইলেকট্রিক প্রদীপের চাহিদা বেড়েছে। এবার এতেই আসছে নানান অভিনবত্বের ছোঁয়া। এর মধ্যে আকর্ষণ বাড়াচ্ছে ফ্লাওয়ার ক্যান্ডেলও। জলের পাত্রে রাখলেই সেই ফুল আলোয় ভরিয়ে দেয়। কলকাতার মার্কেটে এই ক্যান্ডেলের দাম ১২০ টাকা থেকে ১৩০ টাকা মতো।

RELATED Articles