স্ট্রংরুম থেকে কাউন্টিং টেবিল, সবকিছুতেই কড়া নজর! কালীঘাট বৈঠকে মমতা-অভিষেক, কী সেই ‘লাস্ট মিনিট প্ল্যান’ যা নিয়ে বাড়ছে জল্পনা?

কাউন্টিংয়ের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে তৎপরতা তুঙ্গে। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠকে বসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনার দিন ঘিরে কৌশল নির্ধারণ, কর্মীদের বার্তা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এই প্রাথমিক বৈঠকের পরেই শনিবার বিকেল ৪টে থেকে কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি বড় বৈঠকে বসার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এই বৈঠকে শুধু কাউন্টিং এজেন্টই নয়, বিভিন্ন জেলার নেতৃত্বেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গণনার দিন কীভাবে পরিস্থিতি সামলানো হবে, কীভাবে প্রতিটি টেবিলে নজরদারি বাড়ানো হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, কালীঘাটের বৈঠকে মূলত স্ট্রংরুমগুলির নিরাপত্তা, নজরদারি এবং গণনার দিন প্রতিটি ধাপে কীভাবে সতর্ক থাকতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ও হিংসার খবর সামনে আসায় দল কোনও ঝুঁকি নিতে চাইছে না। বিশেষ করে স্ট্রংরুমের সামনে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে।

এদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে। তিনি সকলকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, “প্ররোচনা এলেও আইন হাতে তুলে নেওয়া যাবে না।” তাঁর এই বার্তা যে দলের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, ভোট পরবর্তী সময়ে একাধিক জায়গায় সংঘর্ষের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে।

অন্যদিকে কলকাতার বিভিন্ন এলাকায় স্ট্রংরুমের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা এবং মুখোমুখি অবস্থানের ঘটনাও ধরা পড়েছে। ফলে প্রশাসনের তরফে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে কাউন্টিং ডে-তে শেষ মুহূর্ত পর্যন্ত এজেন্টদের সজাগ রাখা এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকার বার্তাই দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধারাবাহিক বৈঠকই স্পষ্ট করে দিচ্ছে,গণনার দিনকে ঘিরে কোনওরকম ঢিলেমি রাখতে নারাজ শাসকদল।

RELATED Articles