রাতভর স্ক্রুটিনি, ১৫ বুথে রিপোলের সুপারিশ? ইভিএমে টেপ-আতরের অভিযোগে বাড়ছে বিতর্ক, শেষ পর্যন্ত কোন কোন এলাকায় রিপোল হতে পারে?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে ইভিএম কারচুপির অভিযোগে উত্তাল রাজনৈতিক মহল। একাধিক বুথে অনিয়মের অভিযোগ উঠতেই রিপোলের দাবি জোরদার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ করে বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে দায়িত্ব দেয়। রাতভর স্ক্রুটিনি চালিয়ে তিনি ইতিমধ্যেই একটি প্রাথমিক রিপোর্ট কমিশনের কাছে জমা দিয়েছেন, যার ভিত্তিতে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের খবর, মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে এই রিপোর্টে। রিপোলের ক্ষেত্রে যেন সমস্ত তথ্য নির্ভুল থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে সুব্রত গুপ্ত গতকাল নির্বাচন কমিশনের কর্তা জ্ঞানেশ কুমারের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন। শুধু রাতেই নয়, আজ সকালেও কয়েকটি বুথের অতিরিক্ত রিপোর্ট পাঠানোর কথা রয়েছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পরই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

এদিকে, বিজেপি আগেই দাবি করেছিল যে ফলতা বিধানসভার সমস্ত বুথেই রিপোল হওয়া উচিত। যদিও কমিশনের প্রাথমিক মূল্যায়নে পুরো কেন্দ্র জুড়ে নয়, নির্দিষ্ট কয়েকটি বুথেই অনিয়মের প্রমাণ মিলেছে। বিশেষ করে যেসব বুথে ইভিএমে টেপ বা আতর লাগানো অবস্থায় পাওয়া গেছে, সেগুলিকে অত্যন্ত সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। কমিশন সূত্রে স্পষ্ট ইঙ্গিত, ওই অবস্থায় ভোটগ্রহণের স্বচ্ছতা বজায় রাখা সম্ভব নয়, ফলে সেখানে পুনর্নির্বাচন ছাড়া অন্য কোনও বিকল্প নেই।

জেলা ভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবারে ৪টি বুথে রিপোলের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিম মগরাহাটে ৬টি এবং ফলতা কেন্দ্রে ৫টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে। এই তিনটি এলাকাতেই অভিযোগের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি, কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ “উদয়নারায়ণপুরে সিআরপিএফের লাথিতে বৃদ্ধের মৃত্যু” মিথ্যে দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজে ভেস্তে গেল অভিযোগ! রাজনৈতিক মঞ্চে সহানুভূতি আদায়ের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে এই তথ্য ছড়ানো হয়েছে?

অন্যদিকে, নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় কোনও পুনর্নির্বাচন হবে না। এই এলাকাগুলিতে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ এবং স্বচ্ছ হয়েছে বলেই কমিশনের মূল্যায়ন। ফলে সব মিলিয়ে কোথায় রিপোল হবে আর কোথায় হবে না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles