পায়ে চোট, তবুও সেই অবস্থাতেই জনসভার কাজ চালিয়ে যাবেন বলেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা, তেমন কাজ। হুইল চেয়ারে করেই জেলা সফর চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার পুরুলিয়ায় দুটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ায় জনসভা করেন। বিজেপিও পিছু হটার নয়। কেন্দ্রের মন্ত্রী ও অনান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নানান নেতাদের নিয়ে বাংলায় প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। তবে এদিন বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে বেনজির আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।
অমিত শাহকে আক্রমণ করে বলেন, “হোম মিনিস্টার দেশ চালাবেন। তা না করে কলকাতায় বসে চক্রান্ত করছেন, কোথায় কাকে গ্রেফতার করা হবে। শিল্পপতিদের ঘরে ঘরে রেইড করা হচ্ছে। কী ভাবেন অমিত শাহ নিজেকে?” তিনি আরও বলেন, “আমি রোজ ২৫-৩০ কিলোমিটার হাঁটি। এখন হাঁটতে পারছি না। পায়ে যন্ত্রণা আছে। কিন্তু যন্ত্রণা নিয়ে আমি ঘরে বসে থাকলে বিজেপি জনতাকে আরও যন্ত্রণা দেবে। তাই এই অবস্থায় আমি বেরিয়েছি। বিজেপি ঝাঁপিয়ে পড়েছে বাংলা দখলে। কিন্তু আমফান, করোনার সংকটকালে এদের কাউকে দেখা যায়নি। এখন ভোটের মুখে বাংলায় আসছে বারবার।”
তিনি আরও বলেন, “আমাকে খুনের চেষ্টা করলেই কি সব হবে? আরও গোল্লা পাবে। খেলা হবে। আমি এক পায়ে খেলতে পারব না হয়ত। কিন্তু মা-বোনেদের দুটো করে পা, তাঁদের পায়ে খেলব।নির্বাচনের মুখে কেন সরকারি অফিসারদের হেনস্তা করা হচ্ছে? এ নিয়ে কমিশনকে প্রশ্ন করতে চাই। কার নির্দেশে কমিশন চলছে? অমিত শাহ চালাচ্ছেন না তো? উনি কলকাতায় বসে চক্রান্ত করছেন। বিজেপি গায়ের জোরে বাংলা দখলের চেষ্টা করছে। কিন্তু তাতে লাভ হবে না। বহিরাগতদের দিয়ে ভোট করানো যাবে না।”





