আগামী লোকসভা নির্বাচনে INDIA জোটই জিতবে কারণ NDA-র আর কোনও মূল্য নেই এই দেশে, এমনটাই মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, গেরুয়া হল ত্যাগের প্রতীক কিন্তু বিজেপি এই রঙকে অত্যাচারে ব্যবহার করছে। বৃহস্পতিবার নবান্না থেকে বিজেপিকে ঠিক এভাবেই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নানান জেলায় ক্যানসার চিকিৎসার পরিকাঠামো উন্নতিতে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও বাঁকুড়ার একাধিক জায়গায় নতুন দমকল স্টেশন উদ্বোধন করেছেন মমতা।
INDIA জোট নিয়ে কী বলেন মমতা?
এরপর INDIA জোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কটাক্ষ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতেচান সাংবাদিকরা। সেই জবাবে মমতা বলেন, “INDIA জোটের লক্ষ্য দিল্লি। এখন তো NDA’র আর মূল্য নেই দেশে। তাদের যারা শরিক ছিল, তারা অনেকেই বেরিয়ে গিয়েছে। আগামী নির্বাচনে INDIA জোটই জিতবে, বাঁচবে দেশ”।
গৈরিকীকরণ নিয়েও এদিন বিজেপিকে কটাক্ষ করলেন মমতা
মমতার কথায়, “বিজেপির অভিধানে সংবিধান নেই, আছে শুধুই সন্ত্রাস। সন্ত্রাস করে সারা দেশকে ওরা গেরুয়া করে দিতে চাইছে। গেরুয়া ত্যাগের প্রতীক, অত্যাচারে ব্যবহার করছে বিজেপি। আগামী ভোটে মানুষ এর জবাব দেবে”।
এই প্রসঙ্গেই রাজ্যের নানান পেট্রোল পাম্প থেকে শুরু করে মেট্রো স্টেশনগুলির কর্মীদের পোশাকের রঙ নিয়েও গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন মমতা। বলেন, “বিভিন্ন পেট্রোল পাম্পের কর্মীদের পোশাক গেরুয়া করে দেওয়া হচ্ছে। মেট্রো স্টেশনগুলোর নির্মাণ কর্মীদের পোশাকেও তাই। শুধুই গেরুয়া করার পরিকল্পনা। তাহলে বাকি রঙগুলো যাবে কোথায়”।
মুখ্যমন্ত্রীর সংযোজন, “INDIA আমাদের দেশ। আমাদের এই বিরোধীদের জোট সেই মাতৃভূমির পক্ষে, মাতৃভূমির জন্য। দেশকে বাঁচাতে এই জোট। এখন ভারতের সর্বত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। হ্যাঁ, দিল্লিই আমাদের লক্ষ্য। আমরাই দিল্লিতে সরকার গঠন করব, তা হবে ভারত সরকার। এসব নিয়ে আলোচনা হচ্ছে তো। আমাদের জোটের পরের বৈঠকেও আমি যাব। আরও বিস্তারিত কথা হবে”।





