দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে লোকসভা ভোটের আগের মুহুরতেই দেশজুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করে এসেছেন। এবার ফের একবার সিএএ নিয়ে মতুয়াদের উদ্দেশে বক্তব্য রাখলেন তিনি।
লোকসভা নির্বাচনের আগে সিএএ (CAA) কার্যকর করে যে বিজেপি এক বড় মাস্টারস্ট্রোক দিয়েছে, তা বলাই বাহুল্য। বাংলায় মতুয়াদের ভোট পেতে এই সিএএ (CAA) আইন বড় ফ্যাক্টর হতে চলেছে বিজেপির জন্য। বনগাঁ, রাণাঘাট, কৃষ্ণনগর এমন এলাকায় সিএএ কার্যকর করার মাধ্যমে ভোটের বৈতরণী পার করতে পারবে তারা, এমনটাই আশা গেরুয়া শিবিরের।
এই সিএএ (CAA) নিয়ে এর আগেও মতুয়াদের নানান কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের একবার সিএএ নিয়ে তাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। আজ, রবিবার নদিয়ার ধুবুলিয়ায় সভা করেন মমতা। সেখান থেকেই সিএএ প্রসঙ্গে তিনি বলেন, “মোদীর গ্যারান্টি জিরো। আমাদের গ্যারান্টি মানুষের জয়। আমরা বলছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, এনআরসি-সিএএ করতে দেব না”।
মমতার কথায় সিএএ-তে (CAA) আবেদন করলেই অনুপ্রবেশকারী হয়ে যেতে হবে। এদিন তিনি বলেন, “সিএএ-তে আবেদন করবেন না। আবেদন করলেই কিন্তু ৫ বছরের জন্য বিদেশি হয়ে যাবেন। এনআরসি করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে”।
এর পরই বিজেপিকে ‘জুমলা পার্টি’ বলে খোঁচা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওদের তো অনেকে মতুয়া নেতা-মন্ত্রী আছে। তাঁরা আবেদন করছেন না কেন? আবেদন করলে তো আর ভোটে দাঁড়াতে পারবেন না”।
প্রসঙ্গত, এর আগে এই সিএএ (CAA) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই আইন আসলে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার আইন। তাঁর এহেন মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগ ছিল, উস্কানিমূলক মন্তব্য করে মানুষের মধ্যে বিভেদ করতে চাইছেন মমতা নিজেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি সেই সময়। এবার ফের একবার মতুয়াদের ভয় দেখানোর মতো মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত এই প্রসঙ্গে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।





