নতুন বছরে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা মমতার, ‘এটা ভিক্ষা ছাড়া কিছু নয়, চাই না’, জানালেন রাজ্য সরকারি কর্মীরা

বড়দিনের আগে বড় এক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার অ্যালেন পার্কে অনুষ্ঠিত বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন তিনি। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবী নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যেই এবার ৪ শতাংশ ডিএ বাড়ালেন মুখ্যমন্ত্রী।     

কী বললেন মমতা এদিন?

এদিন মমতা বলেন, “১ জানুয়ারি,২০২৪ থেকে সব সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্ধিত হারে ডিএ পাবেন”। এদিন মমতা এও বলেন, রাজ্য সরকার এই মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয়। রাজ্যের জন্য এটা ঐচ্ছিক বিষয়। তবে সরকারি কর্মীরা এত পরিশ্রম করেন, সে কথা ভেবেই ডিএ বৃদ্ধি করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ-র পার্থক্য ছিল ৪০ শতাংশ। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। আর এদিকে ডিএ রাজ্য সরকার ৬ শতাংশ থেকে আরও ৪ শতাংশ বাড়ানোয়, বাংলার সরকারি কর্মচারীরা এবার থেকে ১০ শতাংশ হারে ডিএ পাবেন। এখন রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ-র পার্থক্য এসে দাঁড়াল ৩৬ শতাংশে।

রাজ্য সরকারি কর্মচারীরা কী খুশি বর্ধিত ডিএ নিয়ে?

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই বর্ধিত ডিএ প্রত্যাখ্যান করছেন রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ জানান। “যেখানে বাকি থাকে ৪০ শতাংশ, সেখানে ৪ শতাংশ দেওয়া ভিক্ষা ছাড়া আর কিছু নয়। এটা আমাদের অধিকার। এটা প্রদান কতে হবে”।

শুধুমাত্র ডির বৃদ্ধিই নয়, সেই সঙ্গে এই আন্দোলনকারীদের আরও একটি দাবী হল, ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। এই প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন, নিয়োগের জন্য সদিচ্ছা লাগে। মমতার ঘোষণাকে নৈতিক জয় বলে উল্লেখ করলেও আন্দোলনকারীরা বলছেন, “অধিকারের স্বীকৃতি এটা নয়। আমরা দয়া ভিক্ষার পাত্র নই”।

বর্ধিত ডিএ নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বর্ধিত ডিএ-র ঘোষণা নিয়ে লিখেছেন, “কেন্দ্রীয় সরকার বছরে দু’বার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা পরিবর্তন করে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, বছরের গড় হিসেবের ভিত্তিতে এই ডিএ বাড়ানো হয়। সাধারণত, প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই এই ডিএ বাড়ানো হয়”।

https://twitter.com/SuvenduWB/status/1737806940531790010

বিরোধী দলনেতার মতে, কেন্দ্রের সঙ্গে ডিএ-র ব্যবধান আপাতত ৪ শতাংশ কমলেও, জানুয়ারিতে কেন্দ্রের তরফে নতুন ডিএ ঘোষণা হলেই ফের ব্যবধান বেড়ে যাবে। শুভেন্দুর মতে, এই গোটা বিষয়টিই লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘ললিপপ’ ছাড়া কিছু নয়।

RELATED Articles