ভাঙা পা নিয়েই তৃণমূল নেত্রী তৈরি হচ্ছে ফুটবল, ভাঙা পায়ের নীচেই বোল, এমনই একটি ছবি একুশের নির্বাচনের আগে ছড়িয়ে পড়ে। ‘খেলা হবে’ স্লোগানকে যেন আরও বেশি জীবন্ত করে তোলে এই ছবি। ‘খেলা হবে’ এই রণধ্বনি নিয়েই ভোটের ময়দানে নামে তৃণমূল।
তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের ‘খেলা হবে’ গান ভোটের সময় প্রতিধ্বনিত হয়েছে রাজ্যের আকাশে-বাতাসে। এমনকি হুইল চেয়ারে বসে তৃণমূল নেত্রী নিজেও এই ‘খেলা হবে’ ধ্বনি আওড়েছেন।
অবশেষে সেই খেলায় জিতে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বসেন মুখ্যমন্ত্রীর গদিতে। এবার এই ‘খেলা হবে’কেই দিবস হিসেবে পালন করার ঘোষণা করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, “আমরা খেলা হবে দিবস পালন করব। ওই দিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে”।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “তৃতীয় বার জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন। পুলিস সুপার, আইসি বদল থেকে পর্যবেক্ষক নিয়োগ- কি না করেছে! বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না। শুধু মিথ্যে কথা বলা হচ্ছে। টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। ১০ বছরে বাংলাকে কোথায় নিয়ে এসেছি! কী ছিল বাংলা। ওরা বাংলাকে সম্মান দেয় না। বাংলার মানুষকে একবার নয় একশোবার স্যালুট করলেও কম হবে। ‘খেলা হবে’ দিবস পালন করবে রাজ্য সরকার”।
আরও পড়ুন- তৃণমূল-বিজেপি সংঘাতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু বারবার অধিবেশন কক্ষ ত্যাগ করায় ক্ষুব্ধ স্পিকার
বলে রাখি, এই ‘খেলা হবে’ স্লোগান যে শুধু বাংলার মধ্যেই আটকে রয়েছে, এমনটা নয়। তা পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশেও। সে রাজ্যেও বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে ‘অব ইউপি মে খেলা হোগা’। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এই স্লোগানকে হাতিয়ার করেই মাঠে নেমেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন অখিলেশ যাদব। এবার বাংলার মতো উত্তরপ্রদেশেও এই স্লোগান নিজের ‘খেলা’ দেখাতে পারে কী না, এখন সেটাই দেখার।





