সামনেই পুজো। আর এর আগে বড় সুখবর এল চাকরিপ্রার্থীদের জন্য। শীঘ্রই রাজ্য পুলিশে হতে চলেছে বিপুল নিয়োগ। ১২ হাজার নিয়োগ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই স্থির করা হয় যে রাজ্য পুলিশে এক বিপুল নিয়োগ হবে। কনস্টেবল পদে হবে ১২ হাজার নিয়োগ। পুরুষ ও মহিলা উভয়কেই নিয়োগ করা হবে। কতজন মহিলা ও কতজন পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে, তাও জানালেন ফিরহাদ হাকিম।
কী জানালেন ফিরহাদ হাকিম?
এদিনের বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, “১২ হাজার কনস্টেবল পদে নিয়োগ হবে। তার মধ্যে ৮ হাজার ৪০০ পুরুষ কনস্টেবল নিয়োগ হবে এবং বাকি ৩ হাজার ৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ করা হবে”।
পুজোর ঠিক আগে রাজ্যের তরফে এমন সিদ্ধান্তের ফলে চাকরিপ্রার্থীদের মুখে বেশ হাসির ছটা দেখা গিয়েছে। যারা পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এতদিন, এবার তাদের স্বপ্নপুরন হতে চলেছে।
উল্লেখ্য, গত মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের নানান সরকারি ক্ষেত্রগুলিতে বিপুল নিয়োগ হবে। সেই তালিকার মধ্যে ছিল পুলিশ, চিকিৎসক, নার্স-সহ আরও একাধিক ক্ষেত্র। নানান সরকারি দফতর মিলিয়ে প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছিলেন মমতা।
পুলিশ নিয়োগের ক্ষেত্রেও প্রক্রিয়া চলছে। গত মাসেই পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্যের পুলিশ রিক্রুট্মেন্ট বোর্ড। ৩০৯টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়। আর এবার ১২ হাজার পদে কনস্টেবল নিয়োগের ঘোষণা করলে রাজ্য সরকার।






